বৃহস্পতিবার, জানুয়ারি 22, 2026

রমজানে সুদ লেনদেন পরিহার বিষয়ে ড. ইউনূসকে জড়িয়ে সমকালের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘রমজানে সুদ দেওয়া নেওয়া পরিহার করতে বললেন বিশ্বের প্রভাবশালী মুসলিম ড. ইউনূস’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম সমকাল এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবু প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘রমজানে সুদ দেওয়া নেওয়া পরিহার করতে বললেন বিশ্বের প্রভাবশালী মুসলিম ড. ইউনূস’ শীর্ষক তথ্যে বা শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সমকালের একটি ফটোকার্ডের শিরোনাম বিকৃত করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে কথিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে সমকাল এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১ মার্চ ২০২৫ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্রে সমকাল এর ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন শিরোনামে কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে গত ১ মার্চ গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘রমজান উপলক্ষে সর্বস্তরে সংযমের বার্তা প্রধান উপদেষ্টার’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘রমজান উপলক্ষে সর্বস্তরে সংযমের বার্তা প্রধান উপদেষ্টার’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘রমজানে সুদ দেওয়া নেওয়া পরিহার করতে বললেন বিশ্বের প্রভাবশালী মুসলিম ড. ইউনূস’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

Comparison: Rumor Scanner

অর্থাৎ, সমকালের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া একই শিরোনামে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, পবিত্র রমজান উপলক্ষে সর্বস্তরে সংযমের বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে শনিবার সন্ধ্যায় দেওয়া এক বাণীতে এ বার্তা দেন।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে; সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় আসুন পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।

তিনি আরও বলেন, মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করুন, আমিন।

এছাড়াও, সমকাল এর ভেরিফায়েড ফেসবুক পেজে আজ (২ মার্চ) আলোচিত ফটোকার্ডটির বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে গণমাধ্যমটি আলোচিত ফটোকার্ডটি ভুয়া উল্লেখ করেন।

সুতরাং, ‘রমজানে সুদ দেওয়া নেওয়া পরিহার করতে বললেন বিশ্বের প্রভাবশালী মুসলিম ড. ইউনূস’ শীর্ষক শিরোনামে সমকাল এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img