সম্প্রতি ‘জাপাকে দেশের মানুষ কোন রাজনৈতিক দল বলে মনে করেনা–জি এম কাদের’ শীর্ষক শিরোনামে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ‘জাপাকে দেশের মানুষ কোন রাজনৈতিক দল বলে মনে করেনা’ শীর্ষক কোনো মন্তব্য করেননি। বরং, কোনো প্রকার তথ্যসূত্র উল্লেখ না করে জি এম কাদেরকে উদ্ধৃত করে ও তার ছবি যুক্ত করে আলোচিত তথ্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম নয়া দিগন্তের ওয়েবসাইটে গত ২৯ মে ‘অন্তর্বর্তী সরকার জাপার সাথে ‘বর্ণবাদী’ আচরণ করছে, অভিযোগ জি এম কাদেরের’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ২৯ মে বিকেলে রংপুর মহানগরীর সেনপাড়ায় স্কাইভিউ ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল, দেশের সব জায়গায় আমাদের ভোট আছে, সব সময় আমরা সংসদে ভূমিকা রেখেছি। কিন্তু দক্ষিণ এশিয়ার বর্ণবাদের মতো আচরণ করে রাজনৈতিক অধিকার হরণ করছে।’ তিনি বলেন, ‘ইন্টেরিম সরকার আমাদেরকে হিসাবের মধ্যেই আনছেন না। আমরা একটা রেজিস্টার্ড পার্টি। সব সময় আমাদের পার্লামেন্টে একটা রিপ্রেজেন্টেশন আছে। দেশের সব জায়গায় আমাদের ভোট আছে। দেশব্যাপী আমাদের সংগঠন আছে। সেখানে উনি (প্রধান উপদেষ্টা) আমাদের রিকগনাইজড করতে চাচ্ছেন না।’
জি এম কাদেরের উক্ত বক্তব্যে ‘জাপাকে দেশের মানুষ কোন রাজনৈতিক দল বলে মনে করেনা’ শীর্ষক কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
একই বিষয়ে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ৩০ মে ‘জাতীয় পার্টির সাথে অন্তর্বর্তী সরকার বর্ণবাদী আচরণ করছে: জিএম কাদের’ শিরোনামে প্রকাশিত ভিডিও থেকেও একই তথ্য পাওয়া যায়।
অন্য কোনো গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, জি এম কাদেরের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, জি এম কাদেরকে উদ্ধৃত করে ‘জাপাকে দেশের মানুষ কোন রাজনৈতিক দল বলে মনে করেনা’ শীর্ষক দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- নয়া দিগন্ত – অন্তর্বর্তী সরকার জাপার সাথে ‘বর্ণবাদী’ আচরণ করছে, অভিযোগ জি এম কাদেরের
- Jamuna TV – জাতীয় পার্টির সাথে অন্তর্বর্তী সরকার বর্ণবাদী আচরণ করছে: জিএম কাদের
- Ghulam Muhammed Quader – Facebook Page





