মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে ‘ইরানের মধ্যে ঘাপটি মেরে থাকা ইসরায়েলের এজেন্ট মোসাদের গোয়েন্দা ইহুদি ঘাটি ইরানের দখলে আটক গোয়েন্দা এজেন্ট।’ শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে কয়েকজন ইউনিফর্ম পরিহিত সশস্ত্র ব্যক্তিকে একটি বন্দিশালায় ঢুকে কিছু বন্দির হাত ও চোখ বেঁধে ফেলতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইরানে থাকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের আটকের নয় বরং, ইসরায়েলে ইরানি বোমা হামলা উদযাপনের অভিযোগে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সির ওয়েবসাইটে গত ১৬ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলে ইরানি বোমা হামলা উদযাপনের অভিযোগে প্রতিশোধ নিতে ইসরায়েলি পুলিশ বাহিনী কুকুর সাথে নিয়ে ফিলিস্তিনি বন্দীদের কক্ষে হামলা চালায় এবং হাতকড়া পরানোর পর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস দিয়ে তাদের ওপর হামলা করে।
এই বিষয়ে ফিলিস্তিন ভিত্তিক গণমাধ্যম The Palestine Chronicle এর ওয়েবসাইটে গত ১৭ জুন প্রকাশিত একটি প্রতিবেদনে একই ভিডিও ও তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ইরান-ইসরায়েল সংঘাতের নয়।
সুতরাং, ইরানে থাকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের আটকের ভিডিও দাবিতে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওউপর হামলার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র





