সম্প্রতি ‘আমাদের রিজভী আহমেদ, আপনারা জানেন মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক’ ক্যাপশনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্পর্কে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মন্তব্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৮ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৩ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে রুহুল কবির রিজভীকে মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক বলে খালেদা জিয়া কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ২০১৫ সালে খালেদা জিয়ার লন্ডনে দেওয়া একটি বক্তব্যের ভিন্ন ভিন্ন খন্ডিত অংশ আগে পিছে যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হয়েছে। খালেদা জিয়া তার উক্ত বক্তব্যে তৎকালীন নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদেকে মেরুদণ্ডহীন অপদার্থ লোক বলেছিলেন।
অনুসন্ধানে বিএনপির ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ৪ নভেম্বর ‘১লা নভেম্বর ২০১৫, লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাষণ। ১ম অংশ’ শিরোনামে ও ‘১লা নভেম্বর ২০১৫, লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাষণ। ২য় অংশ’ শিরোনামে প্রচারিত ভিডিও দুটিতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ফ্রেম ও অডিও খুঁজে পাওয়া যায়।

খালেদা জিয়ার ভাষণের উক্ত ভিডিও দুটি পর্যবেক্ষণ করে দেখা যায়, তার ভাষণের ভিন্ন ভিন্ন অংশ নিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
খালেদা জিয়া তার পুরো বক্তব্যে রিজভী আহমেদ মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, খালেদা জিয়া তার বক্তব্যে তৎকালীন নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদেকে মেরুদণ্ডহীন অপদার্থ লোক বলেন।
উল্লেখ্য, পূর্বেও একই ভিডিও ব্যবহার করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছিল। সেসময় ভিডিওটিকে সম্পাদিত হিসেবে শনাক্ত করে রিউমর স্ক্যানার টিম একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।





