দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। ২০০৮ সালে ওয়ান-ইলেভেনের সময় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি এবং সেখানেই অবস্থান করছিলেন। গত ২৫ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তার দেশে ফেরার পর প্রথম তিন দিনের কর্মসূচিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অন্তত ১৫টি এআই-তৈরি ছবি শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। বিশ্লেষণে দেখা যায়, প্রথম দিন (২৫ ডিসেম্বর) তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনার জনসমাগমের দৃশ্য দাবিতে ৩টি এআই-তৈরি ছবি প্রচার করা হয়। একই দিনে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আরও ৮টি ভিন্ন ভিন্ন এআই-তৈরি ছবি ছড়ানো হয়। দ্বিতীয় দিন (২৬ ডিসেম্বর) জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময় সপরিবারে শ্রদ্ধা জানানোর দৃশ্য দাবি করে ১টি এআই-তৈরি ছবি প্রচার করা হয়। আর তৃতীয় দিন (২৭ ডিসেম্বর) শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত সংক্রান্ত ঘটনায় আরও ৩টি এআই-তৈরি ছবি ছড়িয়ে পড়ে।
দেশে ফেরার প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী, বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতাদের কাছ থেকে তিনি সংবর্ধনা গ্রহণ করেন। এরপর সড়কপথে সংবর্ধনাস্থলে গিয়ে সেখানে অপেক্ষমাণ জনতার উদ্দেশে বক্তব্য দেন। গণসংবর্ধনা শেষে তিনি অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।
গণসংবর্ধনার জনসমাগমের দৃশ্য দাবিতে প্রচারিত ছবি
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়ক (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করে। এ অনুষ্ঠানে লাখো নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এই জনসমাগমের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক এআই-তৈরি ছবি ছড়িয়ে পড়ে।
১. নদীর তীরে জনসমুদ্রের ছবি
নদীর তীর ঘেঁষে জাতীয় পতাকা ও রাজনৈতিক পোস্টার হাতে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে একটি গাড়িবহর এগিয়ে যেতে দেখা যাওয়ার একটি ছবি সেদিনের ঘটনার দাবিতে প্রচার করা হয়। ছবিটি ছড়ানো হয় ফেসবুকে।

তবে এটি এআই-তৈরি ছবি। প্রথমত, তারেক রহমানের গণসংবর্ধনার জন্য নির্ধারিত স্থানের আশপাশে এমন কোনো নদীর অস্তিত্ব নেই। দ্বিতীয়ত, বিমানবন্দর থেকে ৩০০ ফুট সড়কের দিকে যাওয়ার সময় তারেক রহমান লাল-সবুজ রঙের একটি বিশেষ বুলেটপ্রুফ বাস ব্যবহার করেন, কিন্তু ছবির গাড়িবহরে এমন কোনো বাস দেখা যায় না। এ ছাড়া একাধিক এআই ডিটেক্টরে যাচাই করেও নিশ্চিত হওয়া গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি।
২. ভবনের গায়ে খালেদা জিয়ার বিলবোর্ডসহ জনসমাগমের ছবি
বিশাল এলাকাজুড়ে লাখ লাখ মানুষের উপস্থি ও আশপাশের সুউচ্চ ভবনগুলোর গায়ে খালেদা জিয়ার ছবি সংবলিত বিলবোর্ড দেখা যাওয়ার একটি ছবি সেদিনের গণসংবর্ধনার দাবিতে প্রচার করা হয়। ছবিটি ছড়ানো হয় ফেসবুক ও ইউটিউবে।

তবে এটি এআই-তৈরি ছবি। ছবিটির নিচের ডান কোণায় গুগলের ‘জেমিনি এআই’-এর জলছাপ দেখা যায়। পাশাপাশি ছবিতে দেখানো স্থাপনা ও পরিবেশের সঙ্গে গণসংবর্ধনা স্থলের বাস্তব চিত্রের অমিল রয়েছে। একাধিক এআই ডিটেক্টরে যাচাই করেও নিশ্চিত হওয়া গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি।
৩. রাস্তা জুড়ে লাখো মানুষের জনস্রোতের ছবি
একটি দীর্ঘ রাস্তা জুড়ে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বিশাল জনস্রোত দেখা যাওয়ার একটি ছবি তারেক রহমানের গণসংবর্ধনার দৃশ্য দাবি করে প্রচার করা হয়। ছবিটি ছড়ানো হয় ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটক, এক্স ও ইউটিউবে।

তবে এটি এআই-তৈরি ছবি। ছবিটিতে রাস্তার দুই পাশে অস্থায়ী ছাউনি দেখা যায়, যা বাস্তবে ৩০০ ফুট সড়কের অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একাধিক এআই ডিটেক্টরে যাচাই করেও নিশ্চিত হওয়া গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি।
এভারকেয়ার হাসপাতালে যাওয়াকে ঘিরে প্রচারিত ছবি
গণসংবর্ধনা শেষে অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এই ঘটনাকে কেন্দ্র করেও সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক এআই-তৈরি ছবি প্রচার হতে দেখা যায়।
১. শয্যাপাশে পরিবারের সদস্যদের ছবি
হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শয্যাপাশে তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও নাতনি জাইমা রহমানকে দাঁড়িয়ে থাকার একটি ছবি সেদিনের দাবিতে প্রচার করা হয়। ছবিটি ছড়ানো হয় ফেসবুক, টিকটক, ইউটিউব ও এক্সে।

তবে এটি এআই-তৈরি ছবি। ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে তাদের প্রত্যেকের বাস্তব চেহারার সঙ্গে ছবির চেহারার পার্থক্য দেখা যায়। পাশাপাশি ছবিটির ডান কোণে ‘Hailuo Ai’ নামের একটি এআই টুলের জলছাপও দেখা যায়। একাধিক এআই ডিটেক্টরে যাচাই করেও নিশ্চিত হওয়া গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি।
২. হুইলচেয়ারে খালেদা জিয়ার ছবি
হুইলচেয়ারে বসা অসুস্থ বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমান, ডা. জোবায়দা রহমান, জাইমা রহমান ও আরও একজনকে হাসপাতালের করিডোরে দেখা যাওয়ার একটি ছবি সেদিনের দাবিতে প্রচার করা হয়। ছবিটি ছড়িয়েছে ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব ও টিকটকে।

তবে এটি এআই-তৈরি ছবি। অনুসন্ধানে প্রথম আলোতে গত বছরের ২ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনের ছবি পাওয়া যায়, যার সঙ্গে হুইলচেয়ারে বসা খালেদা জিয়ার পোশাক, অঙ্গভঙ্গি ও পরিবেশের মিল রয়েছে। পাশাপাশি ছবিটির ডান কোণে ‘Hailuo Ai’ জলছাপও দেখা যায়। একাধিক এআই ডিটেক্টরেও যাচাই করে ছবিটি এআই-তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে।
৩. মাথায় হাত রেখে দাঁড়িয়ে থাকার ছবি
হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার মাথায় হাত রেখে তারেক রহমানের দাঁড়িয়ে থাকার দাবিতে একটি ছবি প্রচার করা হয়। ছবিটি ছড়িয়েছে ফেসবুক, ইন্সটাগ্রাম ও টিকটকে।

তবে এটি এআই-তৈরি ছবি। ছবিটির পারিপার্শ্বিক পরিবেশে কৃত্রিমতার ছাপ রয়েছে। পাশাপাশি তারেক রহমান ও খালেদা জিয়ার চেহারার গঠনের সঙ্গে বাস্তব চেহারার অমিল দেখা যায়। একাধিক এআই ডিটেক্টরে যাচাই করেও নিশ্চিত হওয়া গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি।
৪. হাসপাতালে জড়িয়ে ধরার দৃশ্যের ছবি
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে তারেক রহমানের জড়িয়ে ধরার দৃশ্য দাবিতে একটি ছবি প্রচার করা হয়। ছবিটি ছড়িয়েছে ফেসবুক ও টিকটকে।

তবে এটি এআই-তৈরি ছবি। ছবিতে তারেক রহমানের চেহারা বাস্তব চেহারার তুলনায় ভিন্ন দেখা যায়। পাশাপাশি আলিঙ্গনের সময় তার চশমা ও খালেদা জিয়ার চোখের সংযোগস্থলে অসংগতি লক্ষ্য করা যায়। একাধিক এআই ডিটেক্টরে যাচাই করেও নিশ্চিত হওয়া গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি।
৫. চিন্তিত অবস্থায় দাঁড়ানোর ছবি
খালেদা জিয়ার শয্যাপাশে তারেক রহমানকে চিন্তিত ও বিমর্ষ অবস্থায় দাঁড়িয়ে থাকার দৃশ্য দাবিতে একটি ছবি প্রচার করা হয়। ছবিটি ছড়িয়েছে ফেসবুক ও টিকটকে।

তবে এটি এআই-তৈরি ছবি। অন্যান্য ছবির মতো এখানেও চেহারার অসমঞ্জস্যতা লক্ষ্য করা যায়। একাধিক এআই ডিটেক্টরে যাচাই করেও নিশ্চিত হওয়া গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি।
৬. কোরআন তেলাওয়াতের ছবি
খালেদা জিয়ার পাশে বসে তারেক রহমানের কোরআন তেলাওয়াত করার দৃশ্য দাবিতে একটি ছবি প্রচার করা হয়। ছবিটি ছড়িয়েছে ফেসবুকে।

তবে এটি এআই-তৈরি ছবি। ছবিটিতে চেহারাজনিত অসংগতি রয়েছে। পাশাপাশি ছবির কোণে ‘Hailuo Ai’ লেখা জলছাপ দেখা যায়, যা অন্য লেখা দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছে। একাধিক এআই ডিটেক্টরে যাচাই করেও নিশ্চিত হওয়া গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি।
৭. জাতীয় পতাকা জড়িয়ে দেওয়ার ছবি
হাসপাতালের চেয়ারে বসা বেগম খালেদা জিয়াকে তারেক রহমান বাংলাদেশের জাতীয় পতাকা জড়িয়ে দিচ্ছেন দাবিতে একটি ছবি প্রচার করা হয়। ছবিটি ছড়িয়েছে ফেসবুকে।

তবে এটি এআই-তৈরি ছবি। অনুসন্ধানে দেখা যায়, ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের ফেসবুক প্রোফাইলে গত ২৪ ডিসেম্বর, অর্থাৎ তারেক রহমান দেশে ফেরার আগের দিন ছবিটি প্রচার করা হয়। মূল ছবিটি বাসাবাড়ির একটি কক্ষে তোলা এবং সেখানে খালেদা জিয়ার গায়ে কোনো জাতীয় পতাকা ছিল না। ছবির কোণে থাকা একটি ফুলের ইমোজির মাধ্যমে এআই টুলের জলছাপ ঢাকার চেষ্টা করা হয়েছে। একাধিক এআই টুলও ছবিটিকে এআই-তৈরি বলে শনাক্ত করেছে।
৮. নাতনি জাইমার হাত ধরার ছবি
খালেদা জিয়ার হাত ধরা অবস্থায় নাতনি জাইমা রহমানের দৃশ্য দাবিতে একটি ছবি প্রচার করা হয়। ছবিটি ছড়িয়েছে ফেসবুকে।

তবে এটি এআই-তৈরি ছবি। ছবিটি কোনো বিশ্বস্ত সূত্র থেকে প্রকাশিত নয় এবং এতে খালেদা জিয়ার চেহারায় পরিবর্তন লক্ষ্য করা যায়। একাধিক এআই টুলও ছবিটিকে এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে।
সেদিন বিকেলে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান। তিনি প্রায় দেড় ঘণ্টা মায়ের পাশে ছিলেন। তবে খালেদা জিয়াসহ তারেক রহমানের কোনো ছবি বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা বিএনপির নির্ভরযোগ্য সূত্র থেকে প্রকাশিত হয়নি। বরং গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে মাস্ক পরিহিত অবস্থায় চিকিৎসকদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।
এদিকে আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। ছবিগুলো ছড়ানো সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময় মুহূর্তে’ ছিল। অথচ আলোচিত এআই-তৈরি ছবিগুলোতে তাকে চেয়ার বা হুইলচেয়ারে স্বাভাবিকভাবে বসে থাকতে দেখা যায়, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জিয়াউর রহমানের কবর জিয়ারত নিয়ে প্রচারিত ছবি
দেশে ফেরার দ্বিতীয় দিন ২৬ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ কবর জিয়ারতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-তৈরি ছবি প্রচার হতে দেখা যায়।
১. সপরিবারে জিয়াউর রহমানের কবর জিয়ারতের ছবি
জিয়াউর রহমানের কবরে তারেক রহমান সপরিবারে শ্রদ্ধা জানানোর দৃশ্য দাবিতে কটি ছবি প্রচার করা হয়। ছবিটি ছড়িয়েছে ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব ও টিকটকে।

তবে এটি এআই-তৈরি ছবি। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান; সেখানে তার পরিবারের সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। আলোচিত ছবির সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত ছবির পোশাকেও পার্থক্য লক্ষ্য করা যায়। আলোচিত ছবিতে তাকে কালো রঙের প্যান্ট পরিহিত অবস্থায় দেখা গেলেও সেদিনের বাস্তব ছবিতে তিনি ভিন্ন রঙের প্যান্ট পরেছিলেন। এ ছাড়া ছবিটির নিচের ডান কোণে ‘Hailuo Ai’ নামের একটি এআই টুলের জলছাপ অস্পষ্টভাবে দেখা যায়, যা অন্য একটি লেখার মাধ্যমে ঢাকার চেষ্টা করা হয়েছে। একাধিক এআই টুলেও যাচাই করে ছবিটিকে এআই-তৈরি বলে শনাক্ত করা হয়েছে।
শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত নিয়ে প্রচারিত ছবি
তৃতীয় দিন ২৭ ডিসেম্বর (শনিবার) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পর নেতা–কর্মী পরিবেষ্টিত হয়ে আগারগাঁওয়ে যান তারেক রহমান। সেখানে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং জাতীয় পরিচয়পত্র পেতে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন। এসব কর্মসূচিকে কেন্দ্র করেও এআই-তৈরি ছবি প্রচার হতে দেখা যায়।
১. সপরিবারে ওসমান হাদির কবর জিয়ারতের ছবি
সপরিবারে তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করছেন দাবিতে একটি ছবি প্রচার করা হয়। ছবিটি ছড়িয়েছে ফেসবুক ও ইন্সটাগ্রামে।

তবে এটি এআই-তৈরি ছবি। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ আরও অনেকে। সেখানে ডা. জোবায়দা রহমান কিংবা জাইমা রহমানকে দেখা যায়নি। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, আলোচিত ছবিতে খালেদা জিয়াকে উপস্থিত দেখানো হয়েছে অথচ তিনি তখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। একাধিক এআই টুলেও যাচাই করে ছবিটিকে এআই-তৈরি বলে শনাক্ত করা হয়েছে।
২. হাঁটু গেড়ে প্রার্থনার ছবি
ওসমান হাদির কবরের পাশে হাঁটু গেড়ে তারেক রহমানের প্রার্থনার দৃশ্য দাবিতে একটি ছবি প্রচার করা হয়। ছবিটি ছড়িয়েছে ফেসবুক, ইউটিউব ও টিকটকে।

তবে এটি এআই-তৈরি ছবি। ছবিটির সঙ্গে ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানানোর সময় তারেক রহমানের পরিহিত পোশাকের অমিল দেখা যায়। পাশাপাশি আলোচিত ছবির চেহারার সঙ্গে তারেক রহমানের বাস্তব চেহারারও পার্থক্য লক্ষ্য করা যায়। এ ছাড়া ছবিটির নিচের ডান কোণে ‘Hailuo Ai’ নামের একটি এআই টুলের জলছাপ রয়েছে। একাধিক এআই টুলেও যাচাই করে ছবিটিকে এআই-তৈরি বলে শনাক্ত করা হয়েছে।
৩. কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানানোর ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে তারেক রহমান দুই হাত তুলে শ্রদ্ধা জানাচ্ছেন দাবিতে একটি ছবি প্রচার করা হয়। ছবিটি ছড়িয়েছে ফেসবুকে।

তবে এটি এআই-তৈরি ছবি। ছবিটির সঙ্গে ওসমান হাদি ও কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানানোর সময় তারেক রহমানের পরিহিত প্যান্টের রঙের পার্থক্য লক্ষ্য করা যায়। এ ছাড়া ছবিটির নিচের ডান কোণে ‘Hailuo Ai’ নামের একটি এআই টুলের জলছাপও দেখা যায়। একাধিক এআই টুলেও যাচাই করে ছবিটিকে এআই-তৈরি বলে শনাক্ত করা হয়েছে।





