রবিবার, জানুয়ারি 25, 2026

এআই ব্যবহার করে এক ফেসবুক পেজ থেকেই আ. লীগের পক্ষে লাগাতার প্রোপাগাণ্ডা

বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে সহজতর বানিয়ে এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ছবি, ভিডিও সহ বিভিন্ন উপায়ে প্রোপাগাণ্ডা ছড়ানোর মাত্রা। 

গত বছরের ০৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘ প্রায় সাড়ে পনেরো বছরের ক্ষমতার অবসান ঘটে। এরপর থেকেই দলের পক্ষ হয়ে ইন্টারনেটে লাগাতার প্রোপাগাণ্ডা ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট, পেজ এবং গ্রুপ। 

দীর্ঘদিন ধরে রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণ এমনই একটি পেজের সন্ধানে পাওয়া গেছে; যে পেজের মাধ্যমে দেশের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষে লাগাতার প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। 

71 Media Call’ নামের এই পেজ চলতি বছরের ২৭ সেপ্টেম্বর খোলা হয়। মাত্র তিন মাসের ব্যবধানে পেজটিতে ২৮ হাজারের বেশি ফলোয়ার যুক্ত হয়েছেন। এছাড়া পেজটি থেকে প্রায় সাত শতাধিক পোস্ট করা হয়েছে। পেজটির ট্রান্সপারেন্সি ঘেঁটে দেখা যায়, এটি বাংলাদেশের দুইটি অ্যাকাউন্ট থেকে পরিচালিত হচ্ছে।

71 Media Call’ পেজটি থেকে গত এক মাসে বিভিন্ন ঘটনা নিয়ে প্রচারিত সবচেয়ে ভাইরাল পোস্টগুলো বিশ্লেষণ করে দেখেছে রিউমর স্ক্যানার। 

তফসিল ঘোষণা, ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যুবরণ, খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে ফেরাসহ বেশ কয়েকটি ঘটনায় আলোচনায় ছিল এই ডিসেম্বর মাস। আর এই আলোচিত ঘটনাগুলোকে কেন্দ্র করে 71 Media Call পেজটি থেকে একাধিক গুজব ছড়ানো হয়েছে। 

তফসিল ঘোষণার পর নির্বাচন বয়কটের দাবিতে গুজব

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর থেকেই উক্ত পেজটি থেকে বিভিন্ন ভিডিও ও ছবি প্রচার করে দাবি করা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না, জনগণ মিছিল করছে তফসিল বাতিলের দাবিতে। 

এমন একটি পোস্ট গত ২৭ ডিসেম্বর করা হয়েছে। পোস্টটিতে দাবি করা হয়েছে, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মিছিলের ছবি এটি। কিন্তু, অনুসন্ধানে জানা যায়, শরীয়তপুরে এমন কোনো মিছিল হয়নি এবং প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

Image: Rumor Scanner 

পাশাপাশি, তফসিল ও নির্বাচন বয়কটের দাবিতে মিছিলের দৃশ্যে দাবিতে এআই ভিডিও প্রচার করতেও দেখা যায়। 

১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে গুজব 

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভ করা বাংলাদেশ চলতি বছরের ১৬ ডিসেম্বর ৫৪তম বিজয় দিবস পালন করেছে। এই ৫৪তম বিজয় দিবসকে কেন্দ্র করে অন্তত দুইটি পোস্ট পাওয়া গেছে, যার একটিতে দাবি করা হয়েছে, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মোদীর একটি প্লেকার্ড হাতে ছবি প্রচার করা হয়েছে। প্লেকার্ডে লেখা রয়েছে, ‘১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে, ১৯৭১ সালে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, শেখ মুজিবুরের এই অবদান বাংলার মানুষ কোনদিন ভুলবে না, ইন্ডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন।’ 

আরেকটিতে দাবি করা হয়েছে, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের দিল্লীতে ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল বানানো হয়েছে এবং ১৬ ডিসেম্বর তা উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

উক্ত পোস্ট দুইটি এরই মধ্যে যাচাই করে দেখেছে রিউমর স্ক্যানার। যাচাইয়ে দেখা যায়, মোদীর হাতে প্লেকার্ড হাতে শুভেচ্ছা জানানোর ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি এবং প্রচারিত দাবিটিও ভুয়া। পাশাপাশি, নরেন্দ্র মোদী কর্তৃক ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবের ম্যুরাল উদ্বোধনের দাবিতে প্রচারিত ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি এবং প্রচারিত দাবিটি ভুয়া। প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে। 

এছাড়া, আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনগুলো বিজয় দিবস উপলক্ষে মিছিল করেছে দাবিতে একাধিক ভিডিও ও ছবিও প্রচার করা হয়েছে পেজটি থেকে। এগুলোও যাচাই করে দেখা যায়, ভিডিও এবং ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

Image: Rumor Scanner 

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গুজব 

গত ০২ ডিসেম্বর ভারতের উত্তর অঞ্চলের মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবিতে একটি পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয়েছে ভারতের উত্তর অঞ্চলের মুখ্যমন্ত্রী বলেছেন ‘তারেক রহমানের আগে বাংলাদেশে ঢুকবেন শেখ হাসিনা’। তবে, আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। অর্থাৎ, উক্ত দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

হাসনাত আবদুল্লাহ গ্রেফতারের গুজব 

২০ ডিসেম্বর ‘গরু চুরি করে পালানোর সময় গ্রেফতার হাসনাত আব্দুল্লাহ।’ শীর্ষক দাবিতে একটি ছবি প্রচার করা হয়েছে। উক্ত ছবিটি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৭.৫ শতাংশ। 

Image By Rumor Scanner 

শেখ হাসিনার পক্ষে এআই ছবি ও ভিডিও প্রচার 

আলোচিত পেজটি থেকে গত ২০ ডিসেম্বর চলচ্চিত্র অভিনেত্রী পরী মণির হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন এমন একটি ছবি পোস্ট করা হয়। প্ল্যাকার্ডে লেখা রয়েছে ‘শেখ হাসিনার পক্ষে যারা আছেন, তারাই শুধু জয় বাংলা লিখুন’ এবং একই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্লেকার্ড হাতে নিয়ে বসে থাকার একটি ছবিও প্রচার করা হয়, যাতে লেখা রয়েছে ‘আমি শেখ হাসিনা’র পক্ষে আছি, আর আপনি?’।

উক্ত ছবি দুইটি যাচাই করে দেখা যায়, দুইটি ছবিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

Image By Rumor Scanner 

একই ধরনের ছবি ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে নিয়ে দুইটি (, ), যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোলকে নিয়ে দুইটি (, ), সাধারণ রিকশা চালকদের দুইটি (, ) ছবি প্রচার করতে দেখা যায়। এর সবগুলোই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

এছাড়া, গত ২০ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিওএকটি ছবি প্রচার করা হয়েছে। যা মূলত এআই দিয়ে তৈরি।

Image: Rumor Scanner 

বিজয়ের মাসকে কেন্দ্র করে পুরোনো ভিডিও প্রচার

গত ০২ ডিসেম্বর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়েছেন দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। তবে, অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ২০২১ সালের ১৬ ডিসেম্বরে শেখ হাসিনার শুভেচ্ছা জানানোর ভিডিও। 

Video Comparison By Rumor Scanner 

অর্থাৎ, ভিডিওটি অন্তত চার বছরের পুরোনো। 

ভারতে শেখ হাসিনার বৈঠকের ভুয়া ছবি

গত ০৪ ডিসেম্বর দুইদিনের সফরে ভারতে যান রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা একটি বৈঠক করেছেন দাবিতে দুইট ছবি গত ০৫ ডিসেম্বর পোস্ট করা হয়। তবে, অনুসন্ধান জানা যায়, এমন কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি এবং প্রচারিত ছবি দুইটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

Image: Rumor Scanner  

পরবর্তীতে গত ০৬ ডিসেম্বর শেখ হাসিনার সাথে ওবায়দুল কাদেরের বৈঠকের দৃশ্য দাবিতে দুইটি ছবি প্রচার করা হয়েছে। এই দুইটি ছবিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

Image: Rumor Scanner 

ভিত্তিহীন সংবাদ ভিডিও 

ফেসবুকের এই পেজটি থেকে নিয়মিত সংবাদ বুলেটিন প্রচার করা হয়। যার সবগুলোই এআই দিয়ে তৈরি। যেমন– গত ২৬ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। সেখানে উপস্থাপিকাকে বলতে শোনা যায়– সকল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহবান শেখ হাসিনার। ভিডিওটির ভিউ হয়েছে এক লাখ ৩৫ হাজারের ওপরে। এতে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ভিডিওটি প্রায় সাড়ে ৮ শতবার শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে চ্যানেল২৪ এর লোগো থাকলেও মূলত ভিডিওটি এআই দিয়ে তৈরি। 

Image: Rumor Scanner 

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রতিনিয়ত এমন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরি নিউজ বুলেটিন প্রকাশ করা হচ্ছে পেজটি থেকে, যেগুলোর ভিউ মুহূর্তের মধ্যেই লাখ ছাড়াচ্ছে। 

আরও পড়ুন

spot_img