শনিবার, জানুয়ারি 17, 2026

জুবাইদা রহমান সাহায্য প্রদানের জন্য বিকাশ নাম্বার দিতে বলছেন দাবিতে ডিপফেক ভিডিও প্রচার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘Zaima Rahman Official’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচার হওয়া ভিডিওতে উক্ত নারীকে বলতে শোনা যায়, “সবাইকে একটা খুশির খবর শোনাতে চাই। আপনারা অনেকেই আমার মেয়ে জাইমা রহমানের কাছে সাহায্য চাচ্ছিলেন। সবাই ভিডিওর কমেন্ট বক্সে বিকাশ নাম্বার দিয়ে যান। আমরা সবাইকে সাধ্যমত সহায়তা করার চেষ্টা করবো ইন শা আল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে এবং পেজটি শেয়ার করতে হবে। আর কমেন্টে আপনার সমস্যাটা বলে দিবেন। তাহলে আমরা সমস্যা অনুযায়ী আপনার বিকাশ নাম্বারে টাকা পাঠাবো। আর অবশ্যই বিএনপিকে ভোট দেবেন। ধন্যবাদ।”

ফেসবুকে ভিডিওটি দেখুন এখানে। 

২৪ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি আজ দুপুর পর্যন্ত দেখা হয়েছে প্রায় তিন মিলিয়ন বার। ২৭ হাজারের বেশি কমেন্ট এসেছে ভিডিওটিতে যেগুলোর অধিকাংশগুলোতেই বিকাশ, নগদের মোবাইল নাম্বার উল্লেখ করা রয়েছে। অনেকে নাম্বার দেওয়ার পাশাপাশি নিজেদের সমস্যার কথাও বিস্তারিত তুলে ধরছেন। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুবাইদা রহমান সাহায্য প্রদানের জন্য বিকাশ নাম্বার দিতে বলছেন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জুবাইদা রহমানের পুরোনো ছবি ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে।    

দাবিটির বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্রে ভিডিওটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ‘Zaima Rahman Official’ নামের যে ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই পেজটি জাইমা রহমানের আসল পেজ নয়। গত ৩ জানুয়ারি পেজটি চালু করা হয়৷ অন্যদিকে জাইমার আসল পেজটির নাম ‘Zaima Rahman’, যেটি গেল বছরের ২৩ নভেম্বর খোলা হয়েছে। এই পেজে এমন কোনো ভিডিওর অস্তিত্ব মেলেনি। 

ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনা কিছু অসঙ্গতি নজরে আসে। কথা বলার সময় উক্ত নারীর মুখের নড়াচড়ার সাথে শব্দচয়নের গরমিল লক্ষ্য করা যায়৷ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর ক্ষেত্রে এটি একটি সাধারণ অসঙ্গতি।

ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা শতভাগ বলে জানা গেছে। 

পরবর্তী অনুসন্ধানে সংবাদ সংস্থা বাসসের ওয়েবসাইটে গত ২২ মে এর একটি প্রতিবেদনে জুবাইদা রহমানের একটি পুরোনো ছবি পাওয়া যায়। উক্ত ছবিতে জুবাইদার পোশাক এবং অঙ্গভঙ্গির সাথে আলোচিত ভিডিওতে থাকা নারীর পোশাক এবং অঙ্গভঙ্গির মিল পাওয়া যায়।

Comparison: Rumor Scanner  

অর্থাৎ, জুবাইদা রহমানের পুরোনো ছবি দিয়ে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে ভুয়া ভিডিওটি প্রচার করা হচ্ছে।

সুতরাং, জুবাইদা রহমান সাহায্য প্রদানের জন্য বিকাশ নাম্বার দিতে বলছেন দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

  • AI Analysis  
  • BSS: News

আরও পড়ুন

spot_img