সম্প্রতি ‘জামাতের গণহত্যার বিচার করলে মুক্তিযোদ্ধা হত্যার জন্য জিয়ার বিচারও করতে হবে’ শিরোনামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সাবেক রাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমানের ছবি যুক্ত করে আমার দেশ এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জিয়াউর রহমানকে জড়িয়ে আমার দেশ এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি এবং মিয়া গোলাম পরওয়ারও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘০৭ নভেম্বর ২০২৫’ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, আমার দেশের ফেসবুক পেজে গত ০৭ নভেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ ও আমার দেশের লোগোর মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, এই ফটোকার্ডটির ‘জেনারেল জিয়ার ক্ষমতায় আসার পটভূমি’ শীর্ষক শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘জামাতের গণহত্যার বিচার করলে মুক্তিযোদ্ধা হত্যার জন্য জিয়ার বিচারও করতে হবে’ শিরোনামটি প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, আমার দেশের মূল ফটোকার্ডের বামপাশে থাকা জিয়াউর রহমানের ছবিটির স্থলে মিয়া গোলাম পরওয়ারের ছবি প্রতিস্থাপন করা হয়েছে। তাছাড়া, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।
এছাড়া, মিয়া গোলাম পরওয়ারের ফেসবুক পেজ যাচাই করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
আমার দেশ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সাবেক রাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমানের ছবি যুক্ত করে ‘জামাতের গণহত্যার বিচার করলে মুক্তিযোদ্ধা হত্যার জন্য জিয়ার বিচারও করতে হবে’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website
- Daily Amar Desh – YouTube
- Daily Amar Desh – Facebook Post
- Mia Golam Porwar – Facebook Page





