সম্প্রতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান ‘আমি আমার দাদি-দাদুভাই আদর্শ এবং দেশপ্রেমের শিক্ষা নিয়ে বড় হয়েছি। দেশের প্রতি সেই অঙ্গিকার নিয়েই কাজ করতে চাই।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক কন্যা জাইমা রহমানের নামে প্রচারিত আলোচিত ভিডিওটি বাস্তব নয়, বরং তার একটি ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় আলোচিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হচ্ছে।
জাইমা রহমান আলোচিত মন্তব্যটি করলে গণমাধ্যমে সংবাদ হওয়াটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বিএনপির মিডিয়া সেল এবং অফিসিয়াল ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এরপর আরও অনুসন্ধানে অনলাইন ভিত্তিক গণমাধ্যম বাংলানিউজ২৪ এর ওয়েবসাইটে গত ১৩ এপ্রিল ‘জায়মা রহমানের নামে ফেসবুকে ভুয়া আইডি ও পেজ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা জাইমা রহমানের ছবিতে যে পোশাক এবং ব্যাকগ্রাউন্ডের সাথে আলোচিত ভিডিওতে থাকা পোশাক এবং ব্যাকগ্রাউন্ডের মিল রয়েছে।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘DSP-FWA (2019)’ মডেল পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৭৩.৯৮ শতাংশ।
অর্থাৎ, জাইমা রহমানের পুরোনো একটি ছবি ডিপফেক প্রযুক্তির সহযোগিতায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, তারেক কন্যা জাইমা রহমানের একটি ডিপফেক ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bangla News24- জায়মা রহমানের নামে ফেসবুকে ভুয়া আইডি ও পেজ
- Rumor Scanner’s Own Analysis





