রবিবার, জানুয়ারি 25, 2026

দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাতকে ছেড়ে দেওয়ার ভুয়া দাবি প্রচার

গত ১৮ ডিসেম্বর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে ময়মনসিংহের পাইওনিয়ার্স নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। উক্ত ঘটনার নেতৃত্বদানকারী ইয়াছিস আরাফাত সহ মোট ২১জনকে গ্রেফতার করা হয়েছে। 

এর প্রেক্ষিতে, দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাতকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়া হয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাতকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত ০৭ জানুয়ারি গ্রেফতারের পর থেকে তিনি কারাগারেই আছেন বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাতকে ছেড়ে দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। 

এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, “আটক ইয়াছিন আরাফাত বর্তমানে জেলে আছে। তাকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে এমন দাবি অসত্য এবং অপপ্রচার।”

তিনি আরও বলেন, “এই ভয়াবহ নৃশংস অপরাধ সংগঠনের সাথে যারা জড়িত, আমরা তাদের কাউকেই ছেড়ে দেব না।”

সুতরাং, দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাতকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়া হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img