শনিবার, জানুয়ারি 24, 2026

ভূমিকম্পে ঢাকার বাড্ডায় ধসে পড়া ভবনের দৃশ্য দাবিতে হাইতির পুরোনো ছবি প্রচার 

গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সাম্প্রতিক সময়ে ভূমিকম্পে উত্তর বাড্ডায় ক্ষতিগ্রস্ত ভবনের চিত্র। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালে ক্যারিবীয় দেশ হাইতিতে ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবনের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে ২০২১ সালের ১৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের ফিচারে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য রয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, এটি ২০২১ সালে হাইতিতে সংঘটিত ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের চিত্র। 

Comparison : Rumor Scanner  

এ বিষয়ে আরও অনুসন্ধানে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে ২০২১ সালের ১৫ আগস্ট ‘More than 300 dead after magnitude 7.2 earthquake strikes Haiti’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। একই ভবনের ছবি ব্যবহারে প্রকাশিত এই প্রতিবেদনটিতে এটিকে দক্ষিণ-পশ্চিম হাইতিতে ঘটা ভূমিকম্প বলে উল্লেখ করা হয়েছে। ৭.২ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে কমপক্ষে ৩০৪ জন নিহত এবং ১,৮০০ জন আহত হয় বলে জানানো হয়। 

পাশাপাশি, আলোচিত এই ছবি ব্যবহারে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৬ আগস্টে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকে একই তথ্যের উল্লেখ পাওয়া যাচ্ছে। 

অর্থাৎ এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে, ভবন হেলে পড়ার প্রচারিত এই ছবিটি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পে উত্তর বাড্ডায় ক্ষতিগ্রস্ত কোনো ভবনের চিত্র নয়। 

সুতরাং, ২০২১ সালে হাইতিতে ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবনের ছবিকে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পে উত্তর বাড্ডায় ক্ষতিগ্রস্ত ভবনের চিত্র দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img