বুধবার, ডিসেম্বর 17, 2025

মার্কিন যুদ্ধ জাহাজের গোলা বর্ষণে বাংলাদেশি জাহাজ ধ্বংস হওয়ার দাবিটি ভুয়া

সম্প্রতি, মার্কিন যুদ্ধ জাহাজের গোলা বর্ষণে বাংলাদেশের একটি জাহাজ ধ্বংস হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে বলেও প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হয়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে ইনস্টাগ্রামে ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মার্কিন যুদ্ধ জাহাজের গোলা বর্ষণে বাংলাদেশের জাহাজ ধ্বংস হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গাজীপুরের কালীগঞ্জের ঘোনাপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে কয়লার জাহাজে আগুন লাগার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে মার্কিন যুদ্ধ জাহাজের গোলা বর্ষণে বাংলাদেশি জাহাজ ধ্বংস হওয়ার কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে News Narsingdi 24 নামের নরসিংদীর একটি স্থানীয় গণমাধ্যমের ফেসবুক পেজে গত ৩০ জুলাই একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, এটি গাজীপুরের কালীগঞ্জের ঘোনাপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে কয়লার জাহাজে আগুন লাগার ভিডিও।

Video Comparison by Rumor Scanner 

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে MD Abir Ahmed নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি একই ভিডিওটির একটি স্পষ্ট সংস্করণ প্রচারিত হতে দেখা যায়। 

Screenshot: Facebook 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, অগ্নিকাণ্ডের শিকার জাহাজটির নাম এম ভি ড্যান্ডিলিয়ন ১। এছাড়াও ভিডিওটির মন্তব্যের ঘর পর্যালোচনা করে দেখা যায়, পোস্টকারী একাধিক ব্যক্তির প্রশ্নের প্রেক্ষিতে জানান এটি গাজীপুরের কালীগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ধারণ করা। আরেকজনের মন্তব্যের প্রেক্ষিতে তিনি জানান, ঘটনাটি তাদের ঘাটের। যা থেকে ধারণা করা যাচ্ছে, উক্ত ব্যক্তি ভিডিওটির সম্ভাব্য প্রথম প্রচারকারী। 

পরবর্তীতে জাহাজের নামের সূত্র ধরে অনুসন্ধানে মোঃ হাসা ন  নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই দিনে জাহাজটিতে আগুন লাগার ঘটনা প্রচারিত ভিন্ন আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook 

উক্ত পোস্টে বলা হয়, এম ভি ড্যান্ডিলিয়ন ১ নামের জাহাজটি ঘোড়াশাল আকিজ গ্রুপের কয়লা নিয়ে অনেক দিন যাবত নোঙর করে ছিল। ভিডিওটি প্রচারের দিন বিকেলে জাহাজটি আগুন লেগে যায়। জাহাজ থেকে নদীতে ফেলা তেল থেকে আগুনের সূত্রপাত হয় বলেও পোস্টটিতে উল্লেখ করা হয়। তবে এ ঘটনায় জাহাজ এবং সকল নাবিক নিরাপদে আছেন বলেও পোস্টটি থেকে জানা যায়।

এছাড়াও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একই জাহাজের আগুন লাগার ঘটনায় প্রচারিত আরো ছবিভিডিও খুঁজে পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, এম ভি ড্যান্ডিলিয়ন ১ নামের জাহাজটি আগুন লাগার ঘটনাটি ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ঘটে। তবে এ ঘটনার বিষয়ে মূলধারার কোনো গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হতে দেখা যায়নি।

সুতরাং, মার্কিন যুদ্ধ জাহাজের গোলা বর্ষণে বাংলাদেশি জাহাজ ধ্বংস হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • News Narsingdi 24 Facebook Post
  • MD Abir Ahmed Facebook Post
  • মোঃ হাসা ন Facebook Post
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img