মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর এ রায় দেন। এর প্রেক্ষিতেই ‘শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় স্থগিত করতে রাষ্ট্রপতিকে জাতিসংঘের চিঠি’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় স্থগিত করতে জাতিসংঘ কর্তৃক রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর রায়ের প্রতিক্রিয়ায় সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সংস্থার অবস্থান পুনর্ব্যক্ত করলেও হাসিনার মৃত্যুদন্ডের রায় স্থগিত করতে তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
এ সংক্রান্ত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে Iqbal Tv নামের একটি ফেসবুক পেজে ১৮ নভেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির সন্ধান মেলে। তবে পোস্টে এ বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি৷ ইকবাল টিভি নামের পেজটি মূলত বিনোদনের উদ্দেশ্যে বিভিন্ন কনটেন্ট বানিয়ে প্রচার করে। কনটেন্টগুলো ব্যাপক প্রচারের কারণে অনেকেই এগুলোকে সত্য ভেবে নিয়ে বিভ্রান্ত হন।
পরবর্তী অনুসন্ধানে ব্লগস্পটের একটি ফ্রি ডোমেইনেও একই দাবির একটি পোস্ট পাওয়া যায়। এই পোস্টেও দাবির সমর্থনে সূত্রবিহীন মনগড়া নানা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
কিওয়ার্ড সার্চ করে উক্ত দাবিতে জাতিসংঘকে কোনো বিবৃতি বা বার্তা দেওয়ার তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। তবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায়কে গত বছর বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগী ব্যক্তিদের জন্য ‘একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছে। জাতিসংঘের ওয়েবসাইটে ১৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর বলেছে, তারা ধারাবাহিকভাবে এমন বিচারপ্রক্রিয়ার আহ্বান জানিয়ে আসছে, যেটা প্রশ্নাতীতভাবে যথাযথ প্রক্রিয়া ও ন্যায়বিচারের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে।
নিজেদের কাজের অংশ হিসেবে জাতিসংঘের মানবাধিকার দপ্তর কয়েক বছর ধরে সর্বজনীনভাবে মৃত্যুদণ্ড বিলোপের সুপারিশ করে আসছে এবং মৃত্যুদণ্ডের মুখোমুখি ব্যক্তিদের অধিকার সুরক্ষায় বিগত বছরগুলোতে জাতিসংঘে একাধিক প্রস্তাব পাস হয়েছে।
তবে ওএইচসিএইচআরের এই প্রতিবেদন পর্যালোচনা করে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় স্থগিত করতে জাতিসংঘ কর্তৃক রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার দাবিটি মিথ্যা।





