সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যায় উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশ স্লোগান দিচ্ছে। ভিডিওটি প্রচারের সময় সংযুক্ত ক্যাপশনে দাবি করা হয়, ভারত থেকে অনুদান পাওয়ার বিনিময়ে তারা ‘জয় মোদীজি’ স্লোগান দিচ্ছেন।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উদীচী শিল্পীগোষ্ঠীর জয় মোদিজী বলে স্লোগান দেওয়ার বিষয়টি সত্য নয়। প্রকৃতপক্ষে, ভিডিওতে তারা বলছিলেন ‘জয় উদীচী’। উক্ত ভিডিওকে একটি পেজ থেকে সার্কাজম হিসেবে ‘জয় মোদিজী’ বলে পোস্ট করা হয় সেখান থেকেই দাবিটির সূত্রপাত ঘটে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ২১ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া প্রথম আলোর ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে ধর্মান্ধ Dhormandho নামের একটি ফেসবুক পেজ থেকে ২২ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে প্রচারিত ফটোকার্ডের সাদৃশ্য রয়েছে। ফটোকার্ডে লেখা রয়েছে, “ভারত থেকে ডোনেশন পেয়ে জয় মোদীজি বলে স্লোগান উদীচী শিল্পীগোষ্ঠীর” তবে উক্ত পোস্টের মন্তব্য অংশে একই পেজ থেকেই স্পষ্ট করে উল্লেখ করা হয় যে স্লোগানে ‘মোদিজী’ নয়, বরং ‘উদীচী’ বলা হয়েছে। পরবর্তী সময়ে উক্ত পোস্টকেই সত্য ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। ‘ধর্মান্ধ’ নামের ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি অধিকাংশ সময়ই বিভিন্ন ব্যঙ্গাত্মক পোস্ট প্রকাশ করে থাকে (১, ২)।

এ বিষয়ে আরও অনুসন্ধানে Satkahon News নামক ফেসবুক পেজে মূল ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওতে শোনা যায় শিল্পীগোষ্ঠীর একাংশ ‘জয় উদীচী’ বলে স্লোগান দিচ্ছেন এবং শিল্পীদের এক পক্ষ আরেক পক্ষকে দালাল বলে আখ্যা দিলে অপর পক্ষ তার প্রতিবাদ জানায়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি উদীচী শিল্পীগোষ্ঠীর দুই পক্ষের মধ্যে হট্টগোলোর দৃশ্য।

এছাড়া, কোনো গণমাধ্যম বা বিশ্বাসযোগ্য সূত্রে প্রচারিত দাবি সমর্থন করে এমন কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, উদীচী শিল্পীগোষ্ঠী ‘জয় মোদিজী’ বলে স্লোগান দিচ্ছেন বলে প্রচারিত এই দাবিটি মিথ্যা।





