ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। পরবর্তীতে গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অনলাইনে এজন্য অনেক নেটিজেনরা আওয়ামী লীগ ও ভারতকে দায়ী করছেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ওসমান হাদির ছবিযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হয়। যেখানে দাবি করা হয় যে তারেক রহমান বলেছেন- ‘হাদির উপর আক্রমণের তীর, ভারতে থেকে সরিয়ে পাকিস্তানের দিকে দেয়া উচিত হবে আমাদের’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান ‘ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আক্রমণের তীর ভারত থেকে সরিয়ে পাকিস্তানের দিকে দেয়া উচিত হবে’ শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই তারেক রহমানের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে তারেক রহমান এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
ওসমান হাদির ওপর হামলার বিষয়ে তারেক রহমানের মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন তারেক রহমান। পাশাপাশি তারেক রহমান বলেন, ‘ছাত্রদলসহ দলের সবার প্রতি আহ্বান করছি, সরকারকে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য, যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে দ্রুত খুঁজে বের করতে পারে।’ এছাড়াও, ওসমান হাদিকে গুলি করার ঘটনাকে ষড়যন্ত্রের অংশ বলেন তিনি। তবে, তাকে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি।
সুতরাং, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘হাদির উপর আক্রমণের তীর, ভারতে থেকে সরিয়ে পাকিস্তানের দিকে দেয়া উচিত হবে আমাদের’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Dhaka Mail – হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ক্ষোভ ও নিন্দা তারেক রহমানের
- Prothom Alo – ওসমান হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ: তারেক রহমান





