সম্প্রতি ‘ক্ষমতায় আসলে মেট্রোরেল বন্ধ করে বাস চালু করবে বিএনপি।’ ক্যাপশনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য দাবিতে তার ছবিযুক্ত ‘মেট্রোরেলের খরচ খুব বেশি, ক্ষমতায় আসলে জনগণের সুবিধার্থে মেট্রোরেল বন্ধ করে দিয়ে ডিজিটাল লোকাল বাস চালু করবো আমরা। -তারেক রহমান’ শিরোনামের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচিত হলে মেট্রোরেল বন্ধ করে ডিজিটাল লোকাল বাস চালু করার বিষয়ে তারেক রহমান এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ট্রাফিক সমস্যা সমাধানে মেট্রোরেলের বিকল্প ব্যবস্থা চালু করা প্রসঙ্গে তার একটি বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে গত ২০ জানুয়ারি প্রকাশিত একটি ফেসবুক লাইভ খুঁজে পাওয়া যায়। সেদিন রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বনানী সোসাইটি আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভার সরাসরি সম্প্রচারের উক্ত ভিডিওতে তারেক রহমানের বক্তব্য খুঁজে পাওয়া যায়৷
উক্ত ভিডিওটির ০১:৩৫:০৪ সেকেন্ডে থেকে ০১:৩৬:৪০ সেকেন্ড পর্যন্ত অংশে ঢাকার যানজট সমস্যা নিরসন প্রসঙ্গে তারেক রহমান বলেন যে পাবলিক বাহন উন্নত করতে পারলে ট্রাফিক সমস্যা সমাধান করা সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে। তবে বিষয়টি হচ্ছে এখানে যে কীভাবে পাবলিক ট্রান্সপোর্টকে উন্নত করা যায়, সেটি মনোরেল হতে পারে। মেট্রোরেল ব্যয়বহুল, মেট্রোরেলের তুলনায় মনোরেল কম ব্যয়বহুল। মনোরেলের খরচ কম বলে এটির ভাড়াও কম হবে, ফলে সাধারণ মানুষের চলাচলের জন্য সুবিধা হবে। বনানী, মোহাম্মদপুর ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করতে পারলে ট্রাফিক সমস্যার সমাধান সম্ভব।
পরবর্তীতে, একই বিষয়ে একাধিক গণমাধ্যমে (১, ২) প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, তারেক রহমানের মূল বক্তব্য ‘পাবলিক ট্রান্সপোর্টকে উন্নত করতে মনোরেল ব্যবস্থা চালু করা যেতে পারে। মেট্রোরেল ব্যয়বহুল, মেট্রোরেলের তুলনায় মনোরেল কম ব্যয়বহুল। মনোরেলের খরচ কম বলে এটির ভাড়াও কম হবে…।’-কে বিকৃত করে ‘মেট্রোরেলের খরচ খুব বেশি, ক্ষমতায় আসলে জনগণের সুবিধার্থে মেট্রোরেল বন্ধ করে দিয়ে ডিজিটাল লোকাল বাস চালু করবো আমরা।’ দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, তারেক রহমান ‘মেট্রোরেলের খরচ খুব বেশি, ক্ষমতায় আসলে জনগণের সুবিধার্থে মেট্রোরেল বন্ধ করে দিয়ে ডিজিটাল লোকাল বাস চালু করবো আমরা।’ শীর্ষক মন্তব্য করেছেন বলে যে দাবি করা হচ্ছে তা সম্পাদিত।
তথ্যসূত্র
- BNP Media Cell – Facebook Live
- BSS News – জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি : তারেক রহমান
- সময় টিভি – ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন হবে: তারেক রহমান





