বাংলাদেশে ফিরতে ২৪ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডনের হিথরো বিমানবন্দরে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন তার স্ত্রী জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমান। এরই প্রেক্ষিতে বিমানবন্দরে তাদের একসাথে দাঁড়িয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমের পোস্ট দেখুন আমার দেশ (ফেসবুক)।
একই দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।
একই দাবির টিকটক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্ত্রী ও কন্যার সাথে তারেক রহমানের এই ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই দিয়ে এই ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বিএনপির ফেসবুক পেজে ২৪ ডিসেম্বর রাতে প্রকাশিত একটি পোস্টে তারেক রহমান, জোবায়দা রহমান ও জাইমা রহমানের একটি ছবি পাওয়া যায়। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, দীর্ঘ প্রায় ১৮ বছর পর মাতৃভূমিতে ফেরার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৌঁছানোর দৃশ্য এটি। এই ছবিতে তারেক, জোবায়দা ও জাইমার পোশাকের সাথে আলোচিত ছবির পোশাকের মিল পাওয়া যায়নি। তাছাড়া, প্রচারিত ছবিটির এক কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপ লক্ষ্য করা যায়।

তাছাড়া, ছবিতে তারেক রহমান ও জাইমা রহমানকে জোবায়দা রহমানের তুলনায় অস্বাভাবিক লম্বা দেখাচ্ছে। ইন্টারনেটে থাকা তাদের ছবিগুলো বিশ্লেষণ করে তাদের উচ্চতা প্রায় সমান বলেই প্রতীয়মান হয়।
ছবিটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির কমপক্ষে ৯১ শতাংশ থেকে সর্বোচ্চ ৯৫ শতাংশ পর্যন্ত সম্ভাবনা আছে বলে জানা গেছে।
সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে লন্ডনের বিমানবন্দরে তারেক রহমান, জোবায়দা রহমান ও জাইমা রহমানের বাস্তব ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- BNP: Facebook Post
- Tarique Rahman: Facebook Post





