রবিবার, ফেব্রুয়ারি 8, 2026

প্রার্থী দেখলেই চাঁদাবাজ মনে হবে, মার্কা দেখে ভোট দিন শীর্ষক মন্তব্য করেননি তারেক রহমান 

সম্প্রতি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে ‘প্রার্থী দেখলেই চাঁদাবাজ মনে হবে, সেই জন্য মার্কা দেখে ভোট দিন’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রার্থীদের দেখলে চাঁদাবাজ মনে হবে তাই মার্কা দেখে ভোট দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি তারেক রহমান। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে তারেক রহমানের এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তারেক রহমানের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। 

সংসদ নির্বাচনে প্রার্থী নয় ধানের শীষ মূখ্য বিষয়ে তারেক রহমানের একটি মন্তব্য খুঁজে পাওয়া যায়। যুগান্তরের ওয়েবসাইটে গত বছরের ৯ ডিসেম্বর ‘নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষ মুখ্য: তারেক রহমান’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ৮ ডিসেম্বর রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংসদ নির্বাচনে ‘প্রার্থী নয়, ধানের শীষ মুখ্য’ বলে ছাত্রদলের নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দেন । তিনি বলেন, ‘আজকে আমাদের বসে থাকার সময় নেই। বিভিন্ন এলাকায় আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। হয়ত এমনও হতে পারে তোমার এলাকায় যে প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে, হয়ত তুমি যাকে পছন্দ করতে সে পায়নি, যে পেয়েছে তার সঙ্গে হয়ত তোমার সম্পর্ক আছে, একটু কম। ভাইরে, তুমি তো প্রার্থীর জন্য কাজ করছ না, তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করছ।’

পরবর্তীতে, দৈনিক ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে ৮ ডিসেম্বর প্রচারিত তারেক রহমানের বক্তব্যের ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওর কোথাও তাকে এমন কথা বলতে দেখা যায় নি। 

সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমও সংবাদ (, , ) প্রচার করে। 

সুতরাং, প্রার্থীদের দেখলে চাঁদাবাজ মনে হবে তাই মার্কা দেখে ভোট দেওয়া বিষয়ে তারেক রহমানের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img