শনিবার, জানুয়ারি 17, 2026

তারেক রহমানের আইনিভাবে ফাতেমাকে বোন হিসেবে স্বীকৃতি এবং সম্পত্তির ভাগ দেওয়া সংক্রান্ত দাবিগুলো ভুয়া  

খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমাকে নিয়ে অনলাইনে বেশ আলোচনা দেখা যাচ্ছে। আলোচনার মধ্যে একটি দাবি বেশ ভাইরাল। বলা হচ্ছে, তারেক রহমান আইনিভাবে ফাতেমাকে বোন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এমনকি এও বলা হচ্ছে যে, বোন হিসেবে তাকে সম্পত্তির ভাগও দেওয়া হবে। 

উক্ত ছবি সম্বলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবির গণমাধ্যমের সংবাদ দেখুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, মিরর নিউজ

একই দাবি দেখুন ইউটিউব, টিকটক, থ্রেডস, ইনস্টাগ্রামএক্সে।  

জাইমা রহমান উক্ত বিষয়ে পোস্ট করেছেন দাবিতে গণমাধ্যমের পোস্ট দেখুন বৈশাখী টিভি (ফেসবুক)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানের আইনিভাবে ফাতেমাকে বোন হিসেবে স্বীকৃতি এবং সম্পত্তির ভাগ দেওয়া সংক্রান্ত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে, এআই দিয়ে ভুয়া দলিল ও তারেক-ফাতেমার ফটোসেশনের ছবি তৈরি করে ভিত্তিহীন দাবিটি প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে সংশ্লিষ্ট  পোস্টগুলোতে থাকা তারেক রহমান ও ফাতেমার দলিল সদৃশ কাগজ নিয়ে ফটোসেশন করার যে ছবিটি বিশ্লেষণ করে ছবিতে থাকা উপাদানগুলোর আলোছায়াসহ আনুষঙ্গিক বিষয়াদিতে স্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। তারেক রহমান এবং ফাতেমার অবস্থানের সাথে পেছনের আসবাবের অবস্থানেরও অসামঞ্জস্যতা দেখা যায়। বিশ্লেষণে ছবিটি এআই জেনারেটেড বলে প্রতীয়মান হয়।

Image: Internet

ছবিটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির কমপক্ষে ৭৮ শতাংশ থেকে সর্বোচ্চ ৯৯ শতাংশ পর্যন্ত সম্ভাবনা আছে বলে জানা গেছে।  

পরবর্তী অনুসন্ধানে আলোচিত পোস্টগুলোতে থাকা তথ্যগুলো যাচাই-বাছাই করে রিউমর স্ক্যানার৷ পোস্টগুলোতে দাবি করা হয়, তারেক রহমান ফাতেমাকে বোনের স্বীকৃতি দেওয়ার বার্তা দিয়ে বক্তব্য দিয়েছেন। তবে তারেক রহমানের এমন কোনো বক্তব্য দেওয়ার তথ্য গণমাধ্যম, বিএনপি বা তারেক রহমানের অফিশিয়াল ফেসবুক পেজে পাওয়া যায়নি।  

রিউমর স্ক্যানারের পক্ষ থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং দলটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এমন কিছুই হয়নি। বিষয়টিকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে। 

জাতীয় দৈনিক আজকের পত্রিকার ০৩ জানুয়ারির এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১০ সাল থেকে খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা বেগম। প্রায় ১৭-১৮ বছর আগে মেঘনায় বিলীন হয়ে যায় তাদের বসতবাড়ি। ওই সময়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান ফাতেমার স্বামী হারুন লাহাড়ি। ফাতেমা বেগমের মেয়ে জাকিয়া আক্তার (রিয়া) এইচএসসি পাস করে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এখন ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। ছেলে রিফাত (১৭) স্থানীয় টবগী মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উঠেছে। প্রতিবেদনে মেয়ে রিয়ার বক্তব্য রয়েছে। প্রতিবেদনটিতে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। 

জাইমা রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ‘Zaima Rohman’ নামের একটি ফেসবুক পেজে একই দাবির একটি ভাইরাল পোস্টের সন্ধান পাওয়া যায়। 

Collage: Rumor Scanner 

পেজটি জাইমার নয়। জাইমার মূল পেজের নাম Zaima Rahman, পেজটিতে ফাতেমা সংক্রান্ত কোনো পোস্ট বা মন্তব্য করা হয়নি। 

সুতরাং, তারেক রহমানের আইনিভাবে ফাতেমাকে বোন হিসেবে স্বীকৃতি এবং সম্পত্তির ভাগ দেওয়া সংক্রান্ত দাবিগুলো মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img