বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সম্প্রতি এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে ‘ চীনা রাষ্ট্রদূত তারেক রহমানকে জিজ্ঞাসা করলেন..আপনার নেতা কর্মীরা চাদাবাজি করে কেন? জবাবে তারেক রহমান হেসে হেসে বললেন- এই চাদাবাজি হলো আমাদের শিল্প’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম বাংলা ভিশন এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে বাংলা ভিশন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাভিশন এর ফটোকার্ড ডিজাইন নকল করে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম বাংলা ভিশন এর লোগো রয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলা ভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাভিশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, বাংলা ভিশনের ফেসবুক পেজে গত ০৭ জানুয়ারি ‘তারেক রহমানের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওটির সঙ্গে আলোচিত ফটোকার্ডটির দৃশ্যগত সাদৃশ্য লক্ষ্য করা যায়। তবে বাংলা ভিশনের প্রকাশিত ভিডিওতে এ ধরনের কোনো শিরোনাম যুক্ত থাকতে দেখা যায়নি।

অর্থাৎ, বাংলা ভিশনের ফেসবুক পেজে প্রকাশিত একটি রিল ভিডিওর স্ক্রিনশটের ওপর প্রযুক্তির সহায়তায় ভিন্ন লেখা যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে নয়া দিগন্তের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের নির্বাচন নিয়ে চীনের কোনো উদ্বেগ নেই এবং তারা পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। পাশাপাশি, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে চায় চীন। সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানের প্রতি গভীর সমবেদনাও জানান।
তবে, ওই সাক্ষাতের সময় তাদের মধ্যে আলোচিত কথোপকথনের বিষয়ে কোনো বিশ্বস্ত সূত্র বা গণমাধ্যমে তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, আলোচিত দাবিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্ধৃত করে বাংলা ভিশনের নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bangla Vision – Facebook Page
- Bangla Vision – Website
- Bangla Vision – YouTube Channel
- Bangla Vision – Facebook Video
- Naya Diganta –তারেক রহমানের সাথে সাক্ষাৎকার চীনা রাষ্ট্রদূতের





