গত ৪ নভেম্বর রাজনৈতিক দল নিবন্ধনের দৌড়ে ‘আম জনতার দল’ বাদ পড়ার পর থেকে দলের সদস্য সচিব মো. তারেক রহমান নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে অনশন (১, ২) চালিয়ে যাচ্ছেন। অনশনের সময় তিনি খাবার খাচ্ছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি ছবিতে তাকে রুটি ও কলা খেতে দেখা গেছে, আর অন্যটিতে তিনি পুরি খাচ্ছেন। এছাড়াও, রুটি, কলা ও পুরি খাওয়ার ভিডিও ছড়াতেও দেখা গেছে

তারেকের রুটি-কলা খাওয়ার ছবি দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে।
একই ঘটনার ভিডিও দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
তারেকের পুরি খাওয়ার ছবি দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
একই ঘটনার ভিডিও দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ইনস্টাগ্রামে পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অনশনকালে তারেক রহমানের কলা-রুটি ও পুরি খাওয়ার দাবিতে প্রচারিত ছবি ও ভিডিওগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এগুলো তৈরি করে প্রচার করা হয়েছে।
রুটি-কলা খাওয়ার দাবির সত্যতা যাচাই
তারেক রহমান রুটি ও কলা খাচ্ছেন দাবিতে প্রচারিত ছবির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত সূত্রে এর প্রমাণ পাওয়া যায়নি। তবে এ সম্পর্কিত দৃশ্য দাবিতে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে কিছু অসঙ্গতি চোখে পড়ে। দেখা যায়, খাওয়ার সময় তারেকের মুখের নড়াচড়ায় অস্বাভাবিকতা আছে এবং কিছু ফ্রেমে মুখের গঠনে বিকৃতি দেখা যায়, যা তার বাস্তব চেহারার সঙ্গে মেলে না। এছাড়া, তাকে খোসাসহ কলা খেতে দেখা যায়। এসব অসঙ্গতি এআই দিয়ে তৈরি কনটেন্টের পরিচিত লক্ষণ।
এ বিষয়ে আরও অনুসন্ধানে তারেক রহমানের ফেসবুক পেজে গত ৬ নভেম্বর প্রকাশিত একটি ছবি পাওয়া যায়, যার সঙ্গে রুটি-কলা খাওয়ার দৃশ্য দাবিতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর মিল রয়েছে। উভয় ক্ষেত্রেই তারেক রহমানকে একই পোশাকে দেখা যায়। দুই দৃশ্যেই তার চুলে এক ব্যক্তির হাত এবং পেছনে টি-শার্ট পরিহিত এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বর্তমানে উন্নতমানের এআই প্রযুক্তি সহজেই ছবি সম্পাদনার সুযোগ দিচ্ছে। গত আগস্টে গুগল ‘ন্যানো বানানা’ নামে একটি উন্নত ইমেজ এডিটিং মডেল উন্মোচন করে, যা গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির মাধ্যমে ব্যবহার করা যায়। এই মডেল ব্যবহারকারীদের আরও উন্নত ও সৃজনশীলভাবে ছবি সম্পাদনার সুযোগ দেয়। গুগলের জেমিনি এআই এখন ছবি থেকে ভিডিও তৈরি করতেও সক্ষম। এই নতুন ‘ফটো-টু-ভিডিও’ ফিচারটি গুগলের ভিডিও মডেল ভিইও-৩ দ্বারা চালিত, যা যেকোনো ছবিকে ভিডিওতে রূপান্তর করতে পারে।
আলোচিত ছবি ও ভিডিওটি জেমিনি এআই দিয়ে তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘সিন্থআইডি’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ সংযুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। বুম বাংলাদেশের সহায়তায় ‘সিন্থআইডি’ দিয়ে আলোচিত ছবি ও ভিডিও বিশ্লেষণে দেখা যায়, এগুলো গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি। বিশ্লেষণে ভিডিও ও ছবিটির পুরো বা আংশিক অংশে সিন্থআইডি শনাক্ত হয়।

এছাড়া, গতকাল (৯ নভেম্বর) ‘Satkahon News’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে কলা-রুটি খাওয়ার বিষয়ে তারেক রহমানের প্রতিক্রিয়া পাওয়া যায়। তিনি কলা-রুটি খাওয়ার দাবি অস্বীকার করে বলেন, “যখন থেকেই এখানে বসছি, আপনারা কেউ না কেউ সবসময় ছিলেন। ছবিগুলোও দিনের বেলার। দিনের বেলায় তো সবসময়ই কেউ না কেউ থাকে। পিছনে একটা সিসি ক্যামেরাও আছে। আমি কি পাগল, যে এখানে বসে কলার রুটি খাবো। মানুষ এসে আমাকে মারবে না?”
পুরি খাওয়ার দাবির সত্যতা যাচাই
এই দাবির অনুসন্ধানেও একই দাবির একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটিতেও এআই-জনিত কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওটিতে তারেক রহমানের পাশে থাকা দুই ব্যক্তিকে প্লাস্টিকের চামচসদৃশ বস্তু খেয়ে ফেলতে দেখা যায়। কিছু ফ্রেমে তারেকের মুখমণ্ডলের গঠনেও অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়।
আরও অনুসন্ধানে গত ৭ নভেম্বর তারেক রহমানের ফেসবুক পেজে প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ১ মিনিট ২৭ সেকেন্ড থেকে ২ মিনিট ১৭ সেকেন্ডের অংশে নীল শার্ট পরিহিত এক ব্যক্তিকে তার পাশে বসতে দেখা যায়। অন্য পাশে এ সময় একজনকে কিছু মেডিকেল টেস্ট করতে দেখা যায়। এই দৃশ্যের ব্যক্তিদেরই পুরি খাওয়ার আলোচিত ভিডিওতে দেখা গেছে। তবে মূল লাইভ ভিডিওতে তারেক বা অন্য কাউকেই কিছু খেতে দেখা যায়নি। অর্থাৎ, ভাইরাল হওয়া পুরি খাওয়ার ছবি ও ভিডিওটিও এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি।

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে অনশনকালে তারেক রহমানের খাবার খাওয়ার দাবি ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- মোঃ তারেক রহমান: Facebook Post
- মোঃ তারেক রহমান: Facebook Post
- Google: Image editing in Gemini just got a major upgrade
- The Verge: Gemini AI can now turn photos into videos
- Satkahon News: Facebook Post
- Rumor Scanner’s analysis





