সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নৃত্যের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘তাজিকিস্তান ৯৭%মুসলিমের বসবাস করে।। হিজাব নিষিদ্ধ করে মসজিদকে নৃত্যশালা বানিয়েছে।।’
অর্থাৎ, দাবি করা হয়েছে, প্রচারিত ভিডিওতে তাজিকিস্তানের মসজিদকে নৃত্যশালা বানিয়ে নৃত্যের দৃশ্য প্রদর্শিত হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে প্রদর্শিত নৃত্যশিল্পীদের পেছনে প্রদর্শিত স্থাপনাটি তাজিকিস্তানের মসজিদ নয়। প্রকৃতপক্ষে প্রদর্শিত স্থাপনাটি তাজিকিস্তানের খুজান্দ শহরের খুজান্দ দুর্গ সাংস্কৃতিক ও ঐতিহাসিক কমপ্লেক্স এবং প্রচারিত ভিডিওটি গত মার্চে আয়োজিত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের দৃশ্যের।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে তাজিকিস্তান ভিত্তিক ফ্যাশন ডিজাইনার ‘খুরশেদ সাত্তোরভ’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১ এপ্রিলে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। এ বিষয়ে পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘তাজিকিস্তান, খুজান্দ শহর, নওরোজ ২০২৫’ (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)।

এছাড়াও, উক্ত অ্যাকাউন্টে একই জায়গার অনুষ্ঠানের আরেকটি ভিডিও গত ৩১ মার্চে প্রচার হতে দেখা যায়। অনুষ্ঠানের বিষয়ে ক্যাপশনে বলা হয়, এটি “তাজিকিস্তানের আন্তর্জাতিক নওরোজ” উদযাপনের দৃশ্য যা তাজিকিস্তানের ঐতিহাসিক খুজান্দ শহরে অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও, এ বিষয়ে অনুসন্ধানে ‘Avesta’ নামক তাজিকিস্তান ভিত্তিক এক সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১ এপ্রিলে প্রচারিত এক ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওতে নানারকম সাংস্কৃতিক আয়োজনের দৃশ্য প্রদর্শিত হয়। এছাড়াও, উক্ত ভিডিওতে আলোচিত স্থাপনার সামনে অনুষ্ঠানের দৃশ্যও প্রদর্শিত হয়। এ বিষয়ে পোস্টের ক্যাপশনে বলা হয়, নওরোজ/নভরোজ উপলক্ষে তাজিকিস্তানের খুজান্দ দুর্গের সাংস্কৃতিক কমপ্লেক্সে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং এতে তাজিকিস্তান, উজবেকিস্তান ও কিরগিজস্তানের প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন।
পরবর্তীতে আলোচিত স্থাপনার বিষয়ে অনুসন্ধানে বিদেশি একাধিক সংবাদমাধ্যম, ওয়েবসাইট ও উজবেকিস্তান প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এর প্রেস-সার্ভিস কর্তৃক পরিচালিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট থেকে জানা যায়, এই স্থাপনাটি তাজিকিস্তানের খুজান্দ দুর্গের যা একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক কমপ্লেক্স হিসেবে ব্যবহৃত হয়।

এ বিষয়ে চীনা গণমাধ্যম শিনহুয়া সূত্রে জানা যায়, উক্ত দুর্গে গত ৩১ মার্চে নওরোজ উৎসব উদযাপিত হয়। এছাড়াও, এদিনে উদযাপিত উৎসবের নানা ছবি স্টক ফটোগ্রাফি এজেন্সি ‘অ্যালামি’র ওয়েবসাইটেও পাওয়া যায়।
তবে, অনুসন্ধানে আলোচিত স্থাপনাটি মসজিদ হওয়ার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বরং উপরোল্লিখিত তথ্যসূত্রে এটি মূলত প্রায় ২,৫০০ বছর পুরোনো একটি দুর্গ বলে জানা যায়, যা পুনর্নির্মাণ করা হয়েছে।
প্রসঙ্গত, তুর্কিশ সংবাদমাধ্যম ‘টিআরটি ওয়ার্ল্ড’সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রমতে, তাজিকিস্তান সরকার ২০২৪ সালে ‘জাতীয় সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা’ এবং ‘কুসংস্কার ও চরমপন্থা প্রতিরোধের’ লক্ষ্যে নতুন আইন পাস করে হিজাব পরা নিষিদ্ধ করেছে।
সুতরাং, তাজিকিস্তানে খুজান্দ দুর্গ সাংস্কৃতিক ও ঐতিহাসিক কমপ্লেক্সে হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানকে তাজিকিস্তানের মসজিদকে নৃত্যশালা বানিয়ে নৃত্য আয়োজন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Khurshed Sattorov – Instagram Post
- Khurshed Sattorov – Instagram Post
- Avesta – Instagram Post
- Xinhua – Nowruz Festival marked in Khujand, Tajikistan
- Alamy – A grand celebration to mark the Nowruz Festival is held in Khujand, Tajikistan, March 31, 2025.
- Shavkat Mirziyoyev – Instagram Post
- TRT World – Why did majority-Muslim Tajikistan ban the hijab?





