রবিবার, জানুয়ারি 25, 2026

ভূমিকম্পে গাজীপুরে গার্মেন্টস ভবন ধসে পড়েছে দাবিতে তাইওয়ানের পুরোনো ছবি প্রচার 

গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি গাজীপুরের শ্রীপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরির ভবন ধসে পড়ার চিত্র। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ২০১৮ সালে তাইওয়ানে ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি হেলে যাওয়া ভবনের ছবিকে সম্প্রতি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে গত ২১ নভেম্বরের ভূমিকম্পে গাজীপুরের কোনো গার্মেন্টস ভবন ধসে পড়েছে কিনা এবং সেখানে কোনো প্রাণহানি ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে খোঁজ নেয় রিউমর স্ক্যানার টিম। 

বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন জানা যায়, গত ২১ নভেম্বর ভূমিকম্পের সময় গাজীপুরে তাড়াহুড়া করে ভবন থেকে বের হতে গিয়ে অন্তত ৪০০ জন আহত হয়েছেন; যাদের অধিকাংশই শ্রমিক বলে জানিয়েছে প্রশাসন। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, মহানগরের ২৪ নম্বর ওয়ার্ড চাকুলিয়া এলাকায় চারতলা ভবন হেলে পড়েছে। এ ছাড়া গাজীপুর প্রেসক্লাব ভবনেও ফাটল দেখা দিয়েছে।

এছাড়া, প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, শুক্রবারের ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে গাজীপুরের বিভিন্ন কারখানার ২৫২ জন শ্রমিক আহত হয়েছিলেন। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও টঙ্গী আহসান উল্লাহ মাস্টার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছিল।

এ বিষয়ে পরবর্তী সময়ে প্রথম আলোতে শনিবার প্রকাশিত ফলোআপ প্রতিবেদনে গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমানের বক্তব্য পাওয়া যায়। তিনি বলেছেন, যাঁরা আহত হয়েছিলেন তাঁদের বেশির ভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে যাঁরা হাসপাতালে আছেন, তাঁরাও শঙ্কামুক্ত।

উল্লেখিত প্রতিবেদন থেকে ২১ নভেম্বরের ভূমিকম্পে গাজীপুরে প্রায় ৪০০ জন আহতের খবর পাওয়া গেলেও কোনো গার্মেন্টস ভবন ফাটল কিংবা প্রাণহানির ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া অন্যকোনো বিশ্বস্ত সূত্রেও ভূমিকম্পে গাজীপুরে গার্মেন্টস ভবন ধস কিংবা প্রাণহানির দাবির সত্যতা পাওয়া যায়নি।

ছবি যাচাই 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে ২০১৮ সালের ০৮ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের ফিচারে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য রয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, এটি তাইওয়ানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবনের চিত্র। পূর্ব তাইওয়ানের উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.৪। 

Comparison : Rumor Scanner 

এ বিষয়ে আরো অনুসন্ধানে আমেরিকান গণমাধ্যম ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে ২০১৮ সালের ০৭ ফেব্রুয়ারিতে একই ছবিটি প্রকাশ হতে দেখা যায়। ‘Rescue workers are seen by a damaged building after an earthquake hit Hualien, Taiwan’ শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনটিতেও এটিকে তাইওয়ানের হুয়ালিয়েনে ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত একটি ভবনের চিত্র বলে উল্লেখ করা হয়েছে। 

অর্থাৎ এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে, ভবন হেলে পড়ার প্রচারিত এই ছবিটি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের সাথে সম্পর্কিত নয়।

সুতরাং, ২০১৮ সালে তাইওয়ানে ঘটে যাওয়া ভূমিকম্পে হেলে পড়া ভবনের ছবিকে গত ২১ নভেম্বরের ভূমিকম্পে গাজীপুরে গার্মেন্টস ফ্যাক্টরি ভবন হেলে পড়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img