শনিবার, জানুয়ারি 24, 2026

তাহরিমা জান্নাত সুরভীকে জড়িয়ে নাহিদ ইসলামের নামে ভুয়া মন্তব্য প্রচার

চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে গত ২৪ ডিসেম্বর তাহরিমা জান্নাত সুরভী নামের এক ‘জুলাইযোদ্ধাকে’ গাজীপুরের টঙ্গী এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলার ভয় দেখিয়ে ৫০ কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। গত ৫ জানুয়ারি তার দুই দিনের রিমান্ড আদেশ দেওয়া হলেও আদালত প্রাঙ্গণে ছাত্রশক্তির নেতাকর্মীর বিক্ষোভের পর পাঁচ ঘণ্টার ব্যবধানে সেদিন সন্ধ্যায়ই তাকে জামিন দেওয়া হয়। সেদিন দিবাগত রাত ১টার দিকে তাকে দেখতে তার গাজীপুরের বাসায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী। এসময় নাহিদ ইসলাম গণমাধ্যমকে, ‘সারারাত সুরভীর সাথেই ছিলাম। আমাকে সবকিছু খু’লে দেখিয়েছে…ওর পিঠে অনেক দাগ দেখলাম। কারা করল? জবাব চাই…’ শীর্ষক কথা বলেছেন দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

উক্ত প্রতিবেদনটি প্রকাশত হওয়া অবধি আলোচিত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১ লাখ ২৩ হাজার ৫০০ বার। এছাড়াও পোস্টটি শেয়ার করা হয়েছে ৮৯ বার এবং অন্তত ৩৩ টি মন্তব্য করা হয়েছে পোস্টটিতে। যার মাঝে অধিকাংশই নাহিদ ইসলামের নামে প্রচারিত মন্তব্যটিকে বাস্তব ভেবে নিজেদের মতামত প্রকাশ করেছেন।

টিকটকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তাহরিমা জান্নাত সুরভীকে দেখতে গিয়ে নাহিদ ইসলামের ‘সারারাত সুরভীর সাথেই ছিলাম। আমাকে সবকিছু খু’লে দেখিয়েছে…ওর পিঠে অনেক দাগ দেখলাম। কারা করল? জবাব চাই…’ শীর্ষক মন্তব্য করার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে, ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির ডিজাইনের আদলে তৈরি সার্কাজম পেজ গরম টিভির একটি ফটোকার্ডের ভিত্তিতে আলোচিত মন্তব্যটি নাহিদ ইসলামের আসল মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে। 

আলোচিত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানে ফটোকার্ডটিতে সার্কাজম পেজ গরম টিভির লোগো দেখতে পাওয়া যায়। এছাড়াও এটি প্রকাশের তারিখ হিসেবে ০৬ জানুয়ারি ২০২৬ উল্লেখ রয়েছে। পরবর্তীতে গরম টিভির ফেসবুক পেজ পর্যালোচনা করে পেজটিতে একইদিনে ফটোকার্ডটি প্রচারিত হতে দেখা যায়। মূলত এরপরেই ফটোকার্ডটি টিকটকে প্রচার করা হয়। 

Screenshot: Facebook 

পরবর্তীতে দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে নাহিদ ইসলামের সুরভী প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করার সত্যতা পাওয়া যায়নি। বরং, সুরভীকে দেখতে গিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর সাথে কোনো ন্যায়বিচার করা হয়নি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট। তার বয়স লুকিয়ে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ও আমাদের জুলাইয়ের জনতা এ বিষয়ে সরব প্রতিবাদ করে। পাশাপাশি গাজীপুরের নাগরিক পার্টির নেতৃবৃন্দ ও আইনজীবীদের প্রচেষ্টায় তার রিমান্ড বাতিল করে জামিন দিয়েছে।’ এছাড়াও তাকে একই প্রসঙ্গে বিভিন্ন কথা বলতে শোনা গেলেও আলোচিত মন্তব্যগুলো করতে শোনা যায়নি।

অর্থাৎ, সার্কাজম পেজের ভুয়া ফটোকার্ডকে সুরভী প্রসঙ্গে নাহিদ ইসলামের আসল মন্তব্য ভেবে ইন্টারনেট ব্যবহারকারীদের মাছে বিভ্রান্তি ছড়াচ্ছিল।

সুতরাং, নাহিদ ইসলাম ‘জুলাইযোদ্ধ’ তাহরিমা জান্নাত সুরভী প্রসঙ্গে ‘সারারাত সুরভীর সাথেই ছিলাম। আমাকে সবকিছু খু’লে দেখিয়েছে…ওর পিঠে অনেক দাগ দেখলাম। কারা করল? জবাব চাই…’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img