সম্প্রতি ‘শেখ রেহেনা ধীরেধীরে নমিনেশন ঘোষণা করতে যাচ্ছেন, তিনশো আসনেই তিনি নমিনেশন ঘোষণা করবেন।’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ রেহানা আসন্ন সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণা করেননি। প্রকৃতপক্ষে, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশন এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৭ মার্চ ‘আমার বাবার ছেলেবেলা শেখ রেহানা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে শেখ রেহানার পোশাক-অনুষঙ্গ, পেছনের ব্যাকগ্রাউন্ড, তার কথা বলার ধরণের সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে৷
উক্ত ভিডিওতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে তার বাবার শৈশবের নানান বিষয়ে কথা বলতে শোনা যায়।
উক্ত ভিডিওতে শেখ রেহানার বক্তব্যে ‘নিক্সন চৌধুরী আমাদের ফরিদপুর-৪ আসন থেকে এবং আমাদের পুতুল ফরিদপুর-২ আসন থেকে নির্বাচন করবেন৷ অনেকেই ভাবছে আমরা বুঝি এই নির্বাচনে অংশগ্রহণ করবো না। সময় হলে সব দেখতে পারেন, আমরা আসছি। আমরা আপনাদেরকে ধীরে ধীরে জানিয়ে দিবো আর কোথায় কোথায় সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে…’ সূচক কোনো মন্তব্য থাকার তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে, প্রচারিত ভিডিওটির অডিও অংশটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। বুম বাংলাদেশের সহায়তায় ভিডিওটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটির অডিও ক্লিপটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

অর্থাৎ, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের আয়োজিত অনুষ্ঠানে শেখ রেহানার বক্তব্যের ভিডিও দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণা করে শেখ রেহানার বক্তব্যের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Television – আমার বাবার ছেলেবেলা – শেখ রেহানা
- SynthID





