গেল অক্টোবরে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাহুল গান্ধীর বাসভবনে পৌঁছে গিয়েছে ,, দেশে ফেরার প্রস্তুতি প্রায় শেষের দিকে…’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ও ভারতের লোকসভার সংসদ সদস্য রাহুল গান্ধীর বাসভবনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারের অবতরণের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, যুক্তরাষ্ট্রের আরকানসাস শিশু হাসপাতালের একটি হেলিকপ্টারের অবতরণের ভিডিওকে উক্ত দাবিতে ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Natural State Concepts নামক ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ০৯ আগস্ট ‘Sikorsky S-76D Night Time Landing’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০১:১৯ থেকে ০১:২৭ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
উক্ত ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, এটি যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে অবস্থিত আরকানসাস চিলড্রেন’স হাসপাতালের সিকোরস্কি S-76D হেলিকপ্টারের আরকানসাসের হোয়াইট রিভার মেডিকেল সেন্টারে অবতরণের দৃশ্য।
উক্ত ভিডিও ও আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উভয় ভিডিওতে থাকা হেলিকপ্টারটিতে ‘Angle One’, ‘N760AF’ এবং ‘Arkansas Children’s Hospital’ লিখা রয়েছে। উভয় ভিডিওতে থাকা অন্যান্য বিষয়বস্তু এবং পারিপার্শ্বিকতার মধ্যেও মিল রয়েছে৷
‘Angle One’, ‘N760AF’ এর সূত্র ধরে অনুসন্ধানে একাধিক (১, ২) ওয়েবসাইট থেকে জানা যায়, Angel One নামক ‘N760AF’ নিবন্ধন নাম্বারের Sikorsky S-76D মডেলের হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের আরকানসাস চিলড্রেন’স হসপিটালের জন্য নিবন্ধিত। উল্লিখিত হেলিকপ্টারের সাথে ‘Natural State Concepts’ চ্যানেলের ভিডিও ও আলোচিত ভিডিওতে থাকা হেলিকপ্টারটির হুবহু মিল রয়েছে। এটি আরকানসাস চিলড্রেন’স হসপিটালের রোগীবহন সেবাপ্রদানকারী একটি হেলিকপ্টার।
অর্থাৎ, আলোচিত ভিডিওতে থাকা হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের জন্য নিবন্ধিত আকাশযান যা রোগীবহন সেবা প্রদান করে।
এছাড়া, রাহুল গান্ধীর বাসভবনে শেখ হাসিনার গমনের মতো কোনো ঘটনা ঘটলে তা জাতীয়-আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার করা হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সমর্থনে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, শেখ হাসিনাকে রাহুল গান্ধীর বাসভবনে বহনকারী আকাশযানের অবতরণের দৃশ্য দাবিতে যুক্তরাষ্ট্রের আরকানসাসের একটি রোগী বহনকারী হেলিকপ্টারের অবতরণের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Natural State Concepts – Sikorsky S-76D Night Time Landing
- Flight Aware – Website
- Flightradar24 – Website





