সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয় জাতিসংঘের ‘শ্রেষ্ঠ নারী’ উপাধি পেয়েছেন আদালতে দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফটোকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক প্ল্যাটফর্মে শেয়ার করা হয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা জাতিসংঘের শ্রেষ্ঠ নারী উপাধি পাননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তী সময়ে এ বিষয়ে অনুসন্ধানে, প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত লোগোর সূত্র ধরে Iqbal Tv নামক একটি ফেসবুক পেজে ১০ ডিসেম্বর প্রকাশিত একই ফটোকার্ড পাওয়া যায়। উক্ত ফেসবুক পেজ থেকেই আলোচিত দাবিটির সূত্রপাত হয়েছে।

Iqbal Tv পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোনো পোস্টকেই গুরুত্ব সহকারে নেওয়া যাবে না।’ আবার ফটোকার্ডের নিচে লেখা ‘গুজবের পক্ষে আপোষহীন।’ পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
এছাড়া জাতিসংঘ, ইউএন উইমেন (UN Women) এবং জাতিসংঘের বিভিন্ন প্রেস রিলিজ পর্যবেক্ষণ করে প্রচারিত দাবির সমর্থনে কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে জাতিসংঘে “সেরা নারী” শিরোনামে কোনো আনুষ্ঠানিক উপাধি থাকারও অস্তিত্ব মেলেনি।
সুতরাং, শেখ হাসিনা জাতিসংঘের ‘শ্রেষ্ঠ নারী’ উপাধি পেয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।





