শনিবার, জানুয়ারি 17, 2026

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আ.লীগের কর্মসূচি দাবিতে রাজশাহীতে বিএনপির সংঘর্ষের পুরোনো ভিডিও প্রচার 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থান কর্মসূচির দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে শেখ হাসিনার দেশে ফেরা কিংবা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, গত ফেব্রুয়ারিতে রাজশাহীতে টিসিবির কার্ডকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের মধ্যকার সংঘর্ষের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে বরেন্দ্র টিভি নামক ফেসবুক পেজে গত ২৩ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২ মিনিট ৩৩ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। 

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষের ভিডিও। পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সময় টিভির ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ গত ২৩ ফেব্রুয়ারিতে আলোচিত সংঘর্ষের বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সকালে রাজশাহীর পুঠিয়ায় টিসিবির কার্ডকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। 

অর্থাৎ, এটি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির ভিডিও নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। 

সুতরাং, রাজশাহীতে টিসিবির কার্ডকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের মধ্যকার সংঘর্ষের ভিডিওকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img