১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভেঙে ফেলা হয় ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ। একই স্থানে গতবছর তৈরি করা হয় সুবিশাল রাম মন্দির। যা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গণে রয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এই মধ্যে অযোধ্যার বাবরি মসজিদের অনুকরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি মসজিদ তৈরির উদ্যোগ নেন তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। এর অংশ হিসেবে গত ৬ ডিসেম্বর স্থাপন করা হয় উক্ত মসজিদের ভিত্তিপ্রস্তর। জানা যায়, উক্ত মসজিদ নির্মাণে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যা অর্থ সাহায্য আসতে শুরু করেছে। এমনকি বাংলাদেশিরাও মসজিদ তৈরির জন্যে ব্যক্তিগত পর্যায় থেকে অর্থ সাহায্য পাঠাতে চাচ্ছেন বলে জানা যায়। এ ঘটনার প্রেক্ষিতে বাবরী মসজিদের জন্য সম্প্রতি বলিউডের সুপারস্টার শাহরুখ খান একাই ২৫ কোটি টাকা দান করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে।
পাশাপাশি, সামাজিক মাধ্যম থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
অনুরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত শর্টস দেখুন: এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে বলিউড তারকা শাহরুখ খান ২৫ কোটি টাকা দান করেননি। উক্ত দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে শাহরুখ খানের মুর্শিদাবাদে নির্মিতব্য বাবরি মসজিদের জন্যে ২৫ কোটি টাকা দানের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি সূক্ষ্মভাবে পর্যালোচনা করে, শাহরুখ খানকে কোনো এক ব্যাংকের প্রতীকি চেক ধরে থাকতে দেখা যায়, যেখানে তারিখ হিসেবে ০৫ সেপ্টেম্বর, ২০২৪ এর উল্লেখ পাওয়া যায়। তাছাড়া, উক্ত চেকে একাধিক ভুল বানানের অস্তিত্বও লক্ষ্য করা যায়।

পাশাপাশি, বাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবীরের ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে শাহরুখ খানের এরূপ দানের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়াও আলোচিত ছবিটির শাহরুখ খানের চেহারার সাথে তার বাস্তব চেহারার কিছুটা অমিলও লক্ষ্য করা যায়। একাধিক অসঙ্গতি পরিলক্ষিত হওয়ার ফলে ধারণা করা যাচ্ছে, প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
তাই বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect এ ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯২.৯ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে মুর্শিদাবাদে নির্মিতব্য বাবরি মসজিদের জন্যে শাহরুখ খান ২৫ কোটি টাকা দান করেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Humayun Kabir: Facebook Page
- Hive Detect





