শনিবার, জানুয়ারি 17, 2026

আনন্দবাজারের বরাতে আ.লীগের বিষয়ে তারেক রহমানকে নিয়ে ভুয়া মন্তব্য ব্যারিস্টার শাহরিয়ার কবিরের 

সম্প্রতি ‘পাকিস্তান টিভি’ নামের পাকিস্তান ভিত্তিক এক গণমাধ্যমের টকশো/সাক্ষাৎকারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির দাবি করেন, ‘ভারতের অন্যতম প্রখ্যাত পত্রিকা আনন্দবাজার একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন, যাতে বলা আছে তিনি ক্ষমতায় এলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। এমন তিনটি চুক্তি রয়েছে। একই ধরনের ঘটনা ১৯৭১ সালেও ঘটেছিল। সে সময় আওয়ামী লীগ একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল, যেটিকে আমরা আসলে ‘গোলামি চুক্তি’ বলি। অর্থাৎ এটি ছিল একটি দাসত্বের চুক্তি।’ (অনূদিত)

এরূপ দাবিতে শাহরিয়ার কবিরের বক্তব্যের ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না মর্মে ভারতের সাথে তারেক রহমানের কোনো চুক্তি স্বাক্ষরের বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আনন্দবাজার পত্রিকার বরাতে আলোচিত দাবিটি করেছেন শাহরিয়ার কবির।

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আনন্দবাজার পত্রিকা বা পত্রিকাটির বরাতে অন্য কোনো দেশি বা ভারতীয় মূলধারার সংবাদমাধ্যমে কোনো সংবাদ প্রকাশ হতে দেখা যায়নি। এ বিষয়ে আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটে অন্তত গত ১ বছরে তারেক রহমানের বিষয়ে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করেও এরূপ কোনো দাবি পাওয়া যায়নি। তারেক রহমান ও ভারতের বিষয়ে আনন্দবাজারে সাম্প্রতিক সময়ে প্রকাশিত প্রতিবেদনে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে আশাবাদী এমন তথ্যই বারবার জোর পেয়েছে।

এছাড়া, আওয়ামী লীগের প্রতি তারেক রহমানের বিরূপ অবস্থানের উল্লেখ করে আনন্দবাজার পত্রিকায় প্রতিবেদন প্রকাশের নজিরও রয়েছে। উদাহরণস্বরূপ, গত ৮ অক্টোবর বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের এক সাক্ষাৎকারের বরাতে তাকে উদ্ধৃত করে আনন্দবাজারে ‘স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে দিল্লি’ শিরোনামে আনন্দবাজারে একটি সংবাদ প্রকাশিত হয়। তবে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না মর্মে ভারতের সঙ্গে তারেক রহমান কোনো চুক্তি স্বাক্ষর করেছেন এমন দাবির বিষয়ে আনন্দবাজার পত্রিকায় কোনো সংবাদ বা প্রতিবেদন পাওয়া যায়নি।

তাছাড়া, আওয়ামী লীগের বিষয়ে তারেক রহমানের অবস্থান জানতে অনুসন্ধানে বিবিসি বাংলার ওয়েবসাইটে গত ৬ অক্টোবর প্রকাশিত তার একটি সাক্ষাৎকারের অংশ পাওয়া যায়। বিবিসি বাংলাকে দেওয়া ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘দল হিসেবে তারা (আওয়ামী লীগ) যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। দেশের আইন সিদ্ধান্ত নেবে।.. সোজা কথায় অন্যায়কারীর বিচার হতে হবে। তো সেটি ব্যক্তি হোক, সেটি দলই হোক। যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে। সেটি ব্যক্তিও হতে পারে। সেটি দলও হতে পারে।’

সুতরাং, আনন্দবাজার পত্রিকার বরাত দিয়ে আওয়ামী লীগের বিষয়ে ভারত ও তারেক রহমানের মধ্যে কথিত চুক্তি স্বাক্ষরের যে বক্তব্য ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির দিয়েছেন, তা ভুয়া।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img