সম্প্রতি, ’হাসিনার বাড়িতে সাদিক কায়েমের সমাবেশ। গোপালগঞ্জে সাদিক কায়েমকে দেখতে জনতার ঢল’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি গোপালগঞ্জের নয়। প্রকৃতপক্ষে, ২১ নভেম্বর খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েতে সাদিক কায়েমের বক্তব্যের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে Islamic City Tv নামক একটি ইউটিউব চ্যানেলে গত ২১ নভেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, খুলনায় বিএনপিকে হুশিয়ারি দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ২৪ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি জামায়াতে ইসলামীর সমাবেশে সাদিক কায়েমের বক্তব্য দেওয়ার ভিডিও।
এরপর উক্ত সূত্র ধরে অনুসন্ধানে গত বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ‘‘যে দল নিজের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে পারে না তাদের কাছে দেশ নিরাপদ নয়’’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২১ নভেম্বর খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
তারপর, সাদিক কায়েম শেখ হাসিনার পৈতৃক বাড়ি গোপালগঞ্জের কোনো সমাবেশে গিয়েছিলেন কি না এবিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে সাদিক কায়েম শেখ হাসিনার পৈতৃক বাড়ি গোপালগঞ্জের কোনো সমাবেশে যাওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে, গত ২৯ নভেম্বর সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের যুব বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে যোগ দিয়েছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
অর্থাৎ, শেখ হাসিনার পৈতৃক বাড়ি গোপালগঞ্জে নয় সিলেটের গোপালগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে যোগ দিয়েছিলেন।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য ডাকসু ভিপি সাদিক কায়েমের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, শেখ হাসিনার পৈতৃক বাড়ি গোপালগঞ্জে কোন সমাবেশে তিনি যোগ দেননি। আলোচিত ভিডিওটি খুলনার। এছাড়া, তিনি সিলেটের গোপালগঞ্জে অনুষ্ঠিত একটি সমাবেশে যোগ দিয়েছিলেন।
সুতরাং, সাদিক কায়েমের খুলনায় সমাবেশে বক্তব্য দেওয়ার ভিডিওকে শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে সমাবেশের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
Shadik Kayem Statement
Islamic City Tv- YouTube Video
Bangla Tribune- ‘যে দল নিজের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে পারে না তাদের কাছে দেশ নিরাপদ নয়’
Sylheter Dak- একটি বারের জন্য আমাকে সুযোগ দিন, গোলাপগঞ্জে মোহাম্মদ সেলিম উদ্দিন





