সম্প্রতি একজন নারীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি ও শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েমের কোলে নেওয়ার ছবি দাবিতে দুইটি ছবির একটি কোলাজ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, একজন নারীকে ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের কোলে নেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় সাদিক কায়েমের সাথে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার কথা বলার একটি দৃশ্যের প্রেক্ষিতে উক্ত ছবি তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিগুলো আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রচারিত ছবি পর্যবেক্ষণ করলে সাদিক কায়েমের মুখ, গঠন, অঙ্গভঙ্গি ও নারীকে তুলে ধরার প্রকৃতিতে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।
অনুসন্ধানে ‘Tanvir Editz’ নামের একটি ইউটিউব চ্যানেলে ‘গল্প করছেন ভিপি সাদিক কায়েম ও রাফিয়া’ শিরোনামে গত ২৫ নভেম্বরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে প্রদর্শিত নারী ও সাদিক কায়েমের পোশাক, ব্যাগ, হিজাব ও গড়নের মিল পাওয়া যায়। তবে আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার মুখমণ্ডল প্রায় পুরোপুরি পরিবর্তিত বা বিকৃত হয়ে গেছে যা অনেকসময় মূল ছবিতে কোনো সাবজেক্টের মুখ অস্পষ্ট থাকলে সেই ছবির প্রেক্ষিতে তৈরি এআই ছবিতে লক্ষ্য করা যায়।

এছাড়াও, গত নভেম্বরে একইরকমভাবে কথা বলা অবস্থায় সাদিক কায়েম ও উম্মা উসওয়াতুন রাফিয়ার আরো একাধিক ভিডিও পাওয়া যায় তবে কোনোটাতেই রাফিয়াকে সাদিক কায়েমের কোলে নিতে দেখা যায়নি।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত দাবিতে প্রচারিত ছবি সাদিক কায়েম ও উম্মা উসওয়াতুন রাফিয়ার কথা বলার দৃশ্যের প্রেক্ষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। তবে এআই-তৈরি ছবিতে রাফিয়ার মুখের গঠন উল্লেখযোগ্যভাবে বদলে গেছে।
সুতরাং, এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিকে একজন নারীকে ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের কোলে নেওয়ার আসল দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Tanvir Editz – YouTube Post
- Rumor Scanner’s analysis





