শনিবার, জানুয়ারি 17, 2026

সড়ক দুর্ঘটনায় হাত বিচ্ছিন্ন হওয়ার ছবিকে ছাত্রলীগ কর্মীর ওপর সন্ত্রাসী হামলা দাবিতে প্রচার 

সম্প্রতি ‘ছাত্রলীগ করার অপরাধে  দাগনভূঞাতে। ছাত্রলীগের এক কর্মীকে হাত কেটে নেয় সন্ত্রাসীরা।…’ ক্যাপশনে একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ফেসবুকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৪ শত বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবির ঘটনাটির সাথে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার কারণে কোনো ব্যক্তির হাত কেটে ফেলার দাবির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর কাঁধ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে ‘নোয়াখালীর পত্রিকা’ সূচক একটি লেখা লক্ষ্য করা যায়৷ উক্ত সূত্রের ভিত্তিতে ‘নোয়াখালীর পত্রিকা’ নামক ফেসবুক পেজে গত ০৬ ডিসেম্বর প্রকাশিত পোস্টে আলোচিত ছবিটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

উক্ত পোস্টের তথ্যমতে, সেদিন (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. বিজয় (২১) নামে এক তরুণের কাঁধ থেকে ডান হাত আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় । এ সময় মাহমুদুল হাসান (২২) নামে আরও এক মোটরসাইকেল আরোহী তরুণের পা ভেঙ্গে যায়। সোনাইমুড়ী- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনাইমুড়ী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে আরোহী দুই তরুণ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা সড়কে পড়ে থাকা বিজয়ের বিচ্ছিন্ন হাতসহ তাদের উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। 

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন বলেন, বিজয়ের ডান হাত কাঁধ থেকে কাটা পড়েছে। বিচ্ছিন্ন হাতসহ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত আরেক তরুণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে জানা যায় ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহত মো: বিজয় উপজেলার দেওটি ইউনিয়নের বাসিন্দা ও মাহমুদুল হাসান সোনাইমুড়ী পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে। উক্ত পোস্টে মো. বিজয়ের বা মাহমুদুল হাসানের কোনো রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা এক্সপ্রেস এর ওয়েবসাইটে গত ০৬ ডিসেম্বর ‘নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই ছবি ও তথ্য পাওয়া যায়। 

পরবর্তীতে, এ বিষয়ে কালবেলাদ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়। কোনো গণমাধ্যমের প্রতিবেদনেই মো. বিজয় বা মাহমুদুল হাসানের কোনো রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি।

এছাড়া, উক্ত ঘটনাটি ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ঘটেনি, এটি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় ঘটেছে৷ 

সুতরাং, নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনার এক যুবকের কাঁধ থেকে হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনার দৃশ্যকে ফেনীর দাগনভূঞায় ছাত্রলীগ কর্মীর হাত কেটে ফেলা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img