বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারী। নির্বাচনকে কেন্দ্র করে এরইমধ্যে রাজনৈতিক দলগুলো সারাদেশে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছে। সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত সাতটি ছবি কখনো বিএনপির সমাবেশের, কখনো জামায়াতে ইসলামীর সমাবেশের আবার কখনো ছবিগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিলের ছবি দাবিতে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

জামায়াত আমীরের পোস্টের প্রতিবাদে ফার্মগেট ছাত্রদলের বিক্ষোভ মিছিল দাবিতে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ঢাকা নটরডেম কলেজের সামনে জামায়াতে ইসলামীর বিশাল মিছিল দাবিতে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
নোয়াখালীতে বিএনপি’র নির্বাচনী জনসভা দাবিতে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
যশোরে বিএনপি’র নির্বাচনী জনসভা দাবিতে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
জামায়াত আমীরের পোস্টের প্রতিবাদে নয়া পল্টনে বিক্ষোভ মিছিল দাবিতে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলোর একটিও বিএনপি, জামায়াত কিংবা ছাত্রদলের নির্বাচনী জনসভা বা বিক্ষোভ মিছিলের নয়। এমনকি ছবিগুলো বাংলাদেশেরই নয়। প্রকৃতপক্ষে, আর্জেন্টিনা, ব্রাজিল, মিশর এবং হাঙ্গেরির পুরোনো ভিন্ন ঘটনার ছবি আলোচিত দাবিগুলোর সাথে যুক্ত করে প্রচার করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবিগুলোতে সাতটি ছবি প্রচার করা হচ্ছে; সেই দাবিগুলো আলাদা আলাদাভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।
ছাত্রদল দাবি
গত ৩১ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে কর্মজীবী নারীদের ‘পতিতা’ উল্লেখ করে একটি পোস্ট দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে ০১ ফেব্রুয়ারী বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। তার প্রেক্ষিতে, জামায়াত আমীরের পোস্টের প্রতিবাদে ফার্মগেট ছাত্রদলের বিক্ষোভ মিছিল দাবিতে চারটি ছবি প্রচার করা হচ্ছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত চারটি ছবির মধ্যে দুইটি ছবি আর্জেন্টিনার। যা ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর দেশটির জনগণ ওই বছরের ২২ ডিসেম্বর বিজয় উদযাপন করে; সেই সময়কার ছবি এগুলো।
এছাড়া, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দেশটির জনগণ এলজিবিটিকিউ অধিকারের জন্য গত বছরের ২৮ জুন বিক্ষোভ মিছিল করে। সেই বিক্ষোভ মিছিলের ছবি এবং অন্য আরেকটি ছবি ২০১১ সালের ফেব্রুয়ারি মাসের। দেশটির শাসক হোসনি মোবারকের ৩০ বছরের ক্ষমতা পতনের পর ২০১১ সালের ১৮ ফেব্রুয়ারি মিশরের কায়রো শহরের তাহরির স্কয়ারে দেশটির জনগণের উদযাপনের ছবি এটি।

অর্থাৎ, এই চারটি ছবিই ভিন্ন দেশের পুরোনো ভিন্ন ভিন্ন ঘটনার।
ঢাকা নটরডেম কলেজের সামনে জামায়াত বিক্ষোভ এবং জামায়াতের আমীরের পোস্টের প্রতিবাদে নয়া পল্টনে বিক্ষোভের দাবি

উপরোক্ত ছবি দুইটি যুক্ত করে দাবি করা হচ্ছে– এগুলো ঢাকা নটরডেম কলেজের সামনে জামায়াতে ইসলামীর বিশাল মিছিলের ছবি। আবার একই ছবি জামায়াতের আমীরের পোস্টের প্রতিবাদে নয়া পল্টনে বিক্ষোভ মিছিলের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, এগুলো ২০২২ সালের ডিসেম্বর মাসে আর্জেন্টিনা ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর দেশটির জনগণ সেই বিজয় উদযাপনের ছবি।

নোয়াখালীতে বিএনপির জনসভা দাবি
একটি ছবিকে নোয়াখালীতে বিএনপির নির্বাচনী জনসভার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসের। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারী ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারো সমর্থকদের করা একটি বিক্ষোভ সমাবেশের ছবি এটি।

যশোরে বিএনপির জনসভা দাবি

এই তিনটি ছবি যশোরে বিএনপির নির্বাচনী জনসভার ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, তিনটি ছবিই ব্রাজিলের পুরোনো ভিন্ন ভিন্ন ঘটনার। এর মধ্যে, একটি ছবি ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারী ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারো সমর্থকদের করা একটি বিক্ষোভ সমাবেশের, একটি ২০১৫ সালের ১৫ মার্চ ব্রাজিলের সাও পাওলোতে ব্রাজিলের তৎকালীন রাষ্ট্রপতি দিলমা রুসেফের বিরুদ্ধে করা জনগনের বিক্ষোভের ছবি এবং আরেকটি ২০২১ সালের ০৭ সেপ্টেম্বর দেশটির তৎকালীন রাষ্ট্রপতির বিরুদ্ধে করা বিক্ষোভ সমাবেশের।

অর্থাৎ, আলোচিত ছবিগুলোর একটিও বাংলাদেশের নয় বরং, বিদেশের পুরোনো ভিন্ন ভিন্ন ঘটনার ছবি।
সুতরাং, ভিন্ন চার দেশের পুরোনো ভিন্ন ভিন্ন ঘটনার ছবিকে বাংলাদেশে জামায়াত–বিএনপি এবং ছাত্রদলের বিক্ষোভ মিছিল এবং নির্বাচনী জনসভার ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangla Tribune- জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মিছিল
- Alamy- Photo
- NYP- Argentina gets hero’s welcome home as crowds throng for FIFA World Cup champs
- Al Jazeera- Tens of thousands in Hungary defy ban to march at Budapest Pride
- AP- Arab Spring exiles look back 10 years after Egypt uprising
- REUTERS- Brazil’s former president Bolsonaro calls for a protest as police investigate him and his cabinet for allegedly plotting a coup after the 2022 election, in Sao Paulo
- REUTERS- Nearly a million protest Brazil’s president, economy, corruption
- ESTADAO- Imprensa internacional repercute 7 de Setembro e alerta para risco de ruptura institucional no País





