বুধবার, জানুয়ারি 14, 2026

বাংলাদেশে বৃদ্ধের সাথে তরুণীর হিল্লা বিয়ের দৃশ্য দাবিতে সাজানো ভিডিও প্রচার

সম্প্রতি, বাংলাদেশে বৃদ্ধের সাথে তরুণীর হালালা বা হিল্লা বিয়ের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ হিন্দু ভয়েস নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রচার করা হয়।

এক্সে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

একই ভিডিওটি বাংলাদেশে বৃদ্ধ মৌলভীর সাথে তরুণীর স্বাভাবিক বিয়ের ভিডিও দাবিতেও প্রচার করা হয়ে। এমন দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বৃদ্ধের সাথে তরুণীর হিল্লা বিয়ে দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ভিডিওটি আসল নয় বরং, স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Wedding Studio’ নামের একটি ফেসবুক পেজে গত ২৮ নভেম্বর প্রচারিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

এছাড়াও উক্ত পেজটি পর্যালোচনা করে ভিডিওতে দেখতে পাওয়া বয়স্ক ব্যক্তি ও ওই তরুণীর বিষয়ে একাধিক ভিডিওর সন্ধান পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে। উক্ত ভিডিওগুলো ব্যতীতও তাদের গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও দাবিতেও একাধিক ভিডিও প্রচারিত হতে দেখা যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে

পাশাপাশি ‘Wedding Studio’ নামের পেজটি পর্যবেক্ষণ করে, আলোচিত ভিডিওর বয়স্ক ব্যক্তি ও তরুণীর ভিন্ন ভিডিওতেও উপস্থিতি শনাক্ত করা হয়। যেখানে বয়স্ক ব্যক্তিকে ভিন্ন আরেকটি চরিত্রে এবং তরুণী আরেকটি ভিডিওতে ভিন্ন আরেক ব্যক্তির স্ত্রী হিসেবে দেখতে পাওয়া যায়। 

Collage by Rumor Scanner 

পরবর্তীতে পেজটির অ্যাবাউট সেকশন পর্যালোচনা করে দেখা যায়, পেজটি দেলওয়ার নামের একজন সৌদি প্রবাসী পরিচালনা করেন। এছাড়াও বলা হয়, ‘Wedding Studio’ নামের পেজটি কোনো বিয়ের অনুষ্ঠান কাভার করেনা। তারা নিজেদের স্মৃতি সংরক্ষণের জন্যে ভিডিওগুলো করে থাকেন। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, পেজটিতে প্রচারিত বিয়ের ভিডিওগুলো আসল নয়, এগুলো মূলত সাজানো ভিডিও।  

হিল্লা বিয়ে কী?

হালাল বা হিল্লা বিয়ের প্রথা মূলত একটি কুসংস্কার। এই কুসংস্কার মতে, কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পর আবার যদি ঐ স্ত্রীকে নিয়ে সংসার করতে চান, তালাক দেওয়া স্ত্রীকে প্রথমে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিতে হবে। পরে আগের স্বামী যদি রাজি থাকেন, তবেই পুনরায় ওই স্ত্রীকে গ্রহণ করতে পারবেন। মূলত, তালাক দেওয়া স্ত্রীর সাথে পুনরায় সাংসারিক বন্ধনে আবদ্ধ হতে চাইলে স্ত্রীকে প্রথমে অন্য পুরুষের সাথে বিয়ে দেওয়ার যে প্রথা সেটিই হিল্লা বিয়ে নামে পরিচিত। বাংলাদেশের প্রচলিত আইনে হিল্লা বিয়ের প্রথা একটি দণ্ডনীয় অপরাধ।

সুতরাং, বৃদ্ধের সাথে তরুণীর বিয়ের একটি সাজানো ভিডিওকে বাংলাদেশে বাস্তব হিল্লা বিয়ের ঘটনা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ন মিথ্যা।

তথ্যসূত্র

  • Wedding Studio Facebook Post
  • Wedding Studio Facebook Post
  • Wedding Studio Facebook Post
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img