১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভেঙে ফেলা হয় ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ। একই স্থানে গতবছর তৈরি করা হয় সুবিশাল রাম মন্দির। যা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গণে রয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এই মধ্যে অযোধ্যার বাবরি মসজিদের অনুকরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি মসজিদ তৈরির উদ্যোগ নেন তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। এর অংশ হিসেবে গত ৬ ডিসেম্বর স্থাপন করা হয় উক্ত মসজিদের ভিত্তিপ্রস্তর। জানা যায়, উক্ত মসজিদ নির্মাণে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যা অর্থ সাহায্য আসতে শুরু করেছে। এমনকি বাংলাদেশিরাও মসজিদ তৈরির জন্যে ব্যক্তিগত পর্যায় থেকে অর্থ সাহায্য পাঠাতে চাচ্ছেন বলে জানা যায়। এ ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি, বলিউডের সুপারস্টার সালমান খানও মসজিদ নির্মানের জন্যে ১০ কোটি রুপি দান করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার একটি ছবি প্রচার করা হয়েছে। বিভিন্ন ব্যক্তি মূলত সালমান খানের আলোচিত এই ছবিটি ব্যবহার করে আলোচিত দাবিতে ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমগুলোতে প্রচার করেন।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত একই দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে বলিউড তারকা সালমান খানের ১০ কোটি রুপি দানের দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে সালমান খানের মুর্শিদাবাদে নির্মিতব্য বাবরি মসজিদের জন্যে ১০ কোটি রুপি দানের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত সালমান খানের ছবিটি সূক্ষ্মভাবে পর্যালোচনা করে দেখা যায়, ফেসবুকে প্রচারিত পোস্টগুলো মিরর করে তারপর সেটি ভিডিওতে যুক্ত করা হয়েছে। ছবিটি স্বাভাবিক অবস্থায় এনে দেখা যায়, সালমান খান HANKGORN নামের একটি ব্যাংকের প্রতীকি চেক ধরে আছেন। যেখানে BABRI MASJID নামে অ্যাকাউন্টে দশ কোটি রুপি দেওয়া হয়েছে।

তবে অনুসন্ধানে, HANKGORN নামের কোনো ব্যাংকের সন্ধান পাওয়া যায়নি। এছাড়াও বাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবীরের ফেসবুক পেজে প্রাপ্ত উক্ত মসজিদ সম্পর্কিত পোস্ট থেকে জানা যায়, মসজিদটির জন্যে ভারতের স্টেটব্যাংকের West Bengal Islamic Foundation Of India নামের একটি অ্যাকাউন্টে অর্থ সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ, আলোচিত ছবিটিতে BABRI MASJID নামের যে অ্যাকাউন্টটি দেখতে পাওয়া যায় সেটির সাথে মসজিদটির কোনো সম্পর্ক নেই।

এছাড়াও আলোচিত ছবিটির সালমান খানের চেহারার সাথে তার বাস্তব চেহারার কিছুটা অস্বাভাবিকতাও লক্ষ্য করা যায়। একাধিক অসঙ্গতি পরিলক্ষিত হওয়ার ফলে ধারণা করা যাচ্ছে, সালমান খানের ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
তাই বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect এ ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯৯ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে মুর্শিদাবাদে নির্মিতব্য বাবরি মসজিদের জন্যে সালমান খানের ১০ কোটি রুপি দানের মুহুর্তে ধারণ করা ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Humayun Kabir Facebook Post
- Hive Detect
- Rumor Scanner’s Analysis





