সোমবার, ফেব্রুয়ারি 9, 2026

নিউ ইয়ার উপলক্ষ্যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের পুরোনো ভিডিও বার্তা সাম্প্রতিক দাবিতে প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, তিনি ১ জানুয়ারি ২০২৬ উপলক্ষ্যে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

টিকটকে প্রচারিত এ সংক্রান্ত দাবির ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। ভিডিওটি ১ লাখ ১৪ হাজারের বেশি বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাদ্দাম হোসেনের নতুন বছরের শুভেচ্ছা বার্তাটি সাম্প্রতিক নয়। প্রকৃতপক্ষে এটি ২০২৩ সালের শুভেচ্ছা বার্তা ছিল।

এ বিষয়ে অনুসন্ধানে, দেশ রূপান্তর সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে বর্তমানে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। ওই ভিডিওতে দেশ রূপান্তরকে দেওয়া সাক্ষাৎকারে সাদ্দাম হোসেন বলেন, “আজকে ২০২৩ সালের ১ জানুয়ারি, নতুন বছরে আমরা পা রেখেছি।” এরপর তিনি নতুন বছরের শুভেচ্ছা জানান।

তবে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটিতে সাল উল্লেখ করা অংশটি কেটে দিয়ে সেটিকে ২০২৬ সালের শুভেচ্ছা বার্তা হিসেবে প্রচার করা হয়েছে।

এছাড়া, ২০২৬ সালের নতুন বছর উপলক্ষ্যে সাদ্দাম হোসেনের কোনো শুভেচ্ছা বার্তার ভিডিও মূলধারার গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো বিশ্বাসযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, নতুন বছর উপলক্ষ্যে সাদ্দাম হোসেনের শুভেচ্ছা বার্তার সাম্প্রতিক ভিডিও দাবিতে তিন বছর আগের ভিডিও প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

  • Desh Rupantor – YouTube Video 

আরও পড়ুন

spot_img