শনিবার, ফেব্রুয়ারি 7, 2026

রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী শীর্ষক মন্তব্য করেননি রিচি সোলায়মান

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণার তারিখ নির্ধারণের দিন ঠিক করা হয় ১৩ নভেম্বর। এটিকে কেন্দ্র করে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে অভিনেত্রী রিচি সোলায়মান ফেসবুক পোস্টে ‘রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয়। আওয়ামী লীগের ডাকা লকডাউন একদিন আগেই সফল করে ফেলেছে প্রতিপক্ষ। এটাই বোধসম্পন্ন লোকেদের রাজনীতি।’ শীর্ষক মন্তব্য করেছেন বলে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।  

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন যুগান্তর, ইনকিলাব, মানবকণ্ঠ, এনপিবি নিউজ, আজকালের খবর, দৈনিক করতোয়া, বাংলাদেশ টাইমস, বার্তা বাজার (ফেসবুক), আপন দেশ, সোনালী নিউজ।

একই দাবিতে প্রতিবেদন প্রকাশ করে পরে সরিয়ে নিয়েছে এমন তালিকায় আছে কালের কণ্ঠ। 

একই দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে।

একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে। 

একই দাবির থ্রেডস পোস্ট দেখুন এখানে।

একই দাবির টিকটক পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী শীর্ষক কোনো মন্তব্য করেননি রিচি সোলায়মান। প্রকৃতপক্ষে, রিচির নাম ব্যবহার করে চালু থাকা ভুয়া একটি ফেসবুক পেজের পোস্টকে রিচির পোস্ট ভেবে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। 

আলোচিত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ফেসবুকে Richie Solaiman নামের একটি পেজে গত ১৩ নভেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল পোস্টটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook 

পেজটি পর্যালোচনা করে দেখা যায়, ২০১৮ সালের ২৬ এপ্রিল এই নামেই পেজটি  চালু করা হয়৷ তবে পরবর্তী সময়ে দশ বার নাম বদলানো হয়েছে৷ রিচি সোলায়মান নামটি বদলে কখনো রাখা হয়েছে TechTalk with Minhaz Hussain, কখনো রাখা হয়েছে Best Ever Food Eating Show৷ সর্বশেষ গত বছরের আগস্টে নাম বদলে ফের Richie Solaiman রাখা হয়৷ ৭৩ হাজার ফলোয়ারের পেজটি বাংলাদেশ থেকে তিনজন এডমিন পরিচালনা করছেন। এই পেজে নিয়মিতই রাজনৈতিক পোস্ট দেওয়া হচ্ছে। 

Collage: Rumor Scanner 

পেজটির এডমিনের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে জনাব মিনহাজের মূল অ্যাকাউন্টগুলো (ফেসবুক, এক্স) খুঁজে পেয়েছে রিউমর স্ক্যানার৷ নিজেকে স্বাধীন সিনেমা নির্মাতা পরিচয় দেওয়া এই ব্যক্তির ইউটিউবে TechTalk (with Minhaz) নামে একটি এবং ‘MH Worldwide’ নামে আরেকটি চ্যানেল রয়েছে। 

একই ব্যক্তির পরিচালনায় থাকা ‘রিচি সোলায়মান’ নামের আরেকটি ফেসবুক পেজে সন্ধান মিলেছে। Emila Haque Official নামে ২০১৯ সালে পেজটি চালু করার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে মিনহাজ তার নামে নামকরণ করেন পেজটি। এরপর আরো কয়েক দফা নাম বদলানোর পর সর্বশেষ গত ১৪ নভেম্বর পেজটির নাম ‘রিচি সোলায়মান’ রাখা হয়৷ 

এদিকে রিচি সোলায়মানের আসল ফেসবুক অ্যাকাউন্টেরও সন্ধান পাওয়া গেছে। অ্যাকাউন্টে তিনি সাম্প্রতিক সময়ে তাকে জড়িয়ে গণমাধ্যমে প্রকাশিত ভুয়া পেজের পোস্টের বরাতে করা প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। রিচির প্রোফাইলে গত আগস্টের একটি পোস্ট পাওয়া গেছে, যেখানে তিনি ভুয়া পেজটি রিপোর্ট করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছিলেন। 

রিচি জানিয়েছেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার আইনজীবি পদক্ষেপ নিচ্ছেন। জিডি করা হচ্ছে। পাশাপাশি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকেও জানানো হয়েছে। এমন গুজব ও বানোয়াট নিউজের কারণে অনেকেই এমন পরিস্থিতিতে পড়তে পারেন। তাই আইনি ব্যবস্থা নেয়াটা জরুরি। সেই পথেই এগুচ্ছি।”

সুতরাং, অভিনেত্রী রিচি সোলায়মান রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img