সম্প্রতি, ‘বার কাউন্সিলের স্থগিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ফল পুনর্বহাল’ শীর্ষক দাবিতে একটি বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত ২৭ নভেম্বর তারিখ উল্লেখ করে ‘এনরোলমেন্ট লিখিত রিজাল্ট পুর্নবহাল করা হল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার লিখিত পরিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৩০-১১-২০২৫ ইংরেজি স্থগিত করা বার লিখিত রিভিউ ১৯১৪ জনের ফলাফল পুনর্বহাল করা হল। শীগ্রই ১৯১৪ জনের ভাইভার নোটিশ প্রদান করা হবে। অবশিষ্ট রিভিউ আবেদনকারীদের খাতা পুনমূল্যায়ন করে পরববর্তিতে ফলাফল প্রকাশ করা হবে। পরিক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ফেল করার পর রিভিউয়ের মাধ্যমে উত্তীর্ণ হওয়া ১৯১৪ জনের ফলাফল পুনর্বহালের দাবি সঠিক নয়। বরং গত ২৩ নভেম্বর বাংলাদেশ বার কাউন্সিল ওই ফলাফল বাতিল করেছে এবং তাদের পুনরায় লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। পাশাপাশি ফলাফল পুনর্বহালের দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটিও জাল বলে বার কাউন্সিলের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে রিভিউ আবেদন করে উত্তীর্ণ হওয়া ১৯১৪ জনের ফলাফল আবারও পুনর্বহাল করার দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, অনলাইন ভিত্তিক গণমাধ্যম ঢাকা মেইলের ওয়েবসাইটে গত ২৪ নভেম্বর ‘বার কাউন্সিলের রিভিউতে ১৯১৪ জনের ফল বাতিল, ফের দিতে হবে লিখিত পরীক্ষা’ শীর্ষক শিরোনাম প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৩ নভেম্বর বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির নির্দেশে সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে, কাউন্সিলের লিখিত পরীক্ষায় ফেল করার পর রিভিউ আবেদন করে উত্তীর্ণ হওয়া ১৯১৪ জনের ফলাফল বাতিল করা হয়েছে। তাদের নতুন করে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
অর্থাৎ, রিভিউ আবেদন করে উত্তীর্ণ হওয়া ১৯১৪ জনের ফলাফল বাতিল করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে গত ২৭ নভেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিভিউ আবেদন করে উত্তীর্ণ হওয়া ১৯১৪ জনের ফলাফল আবারও পুনর্বহাল করার দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি জাল।

সুতরাং, ‘বার কাউন্সিলের স্থগিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ফল পুনর্বহাল’ শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Dhaka Mail- বার কাউন্সিলের রিভিউতে ১৯১৪ জনের ফল বাতিল, ফের দিতে হবে লিখিত পরীক্ষা
- Bangladesh Bar Council- Notice





