গেল সেপ্টেম্বর মাসে ‘যশোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৩৯ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৭ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ১৩ শত বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিও সাম্প্রতিক সময়ে যশোরে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত কোনো মিছিলের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্ট মাসে যশোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক মিছিল দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে যশোরের স্থানীয় গণমাধ্যম গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৪ আগস্ট ‘যশোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল’ শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেনি।
পরবর্তীতে, এ বিষয়ে যশোরের আরেক স্থানীয় গণমাধ্যম স্পন্দনের ওয়েবসাইটে ২০২৪ সালের ০৪ আগস্ট ‘নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে যশোরে আ.লীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সেদিন যশোর শহরের বকুলতলায় বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণ থেকে সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগের বিশাল একটি মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিন এলাকায় গিয়ে শেষ হয়।
সুতরাং, সাম্প্রতিক সময়ে যশোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে ২০২৪ সালের মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Gramer Kagoj – যশোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
- স্পন্দন – নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে যশোরে আ.লীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ





