সম্প্রতি, ‘এবারের নির্বাচনে তারেক রহমানকে পুর্ন সমর্থন করবে ভারত’ শীর্ষক মন্তব্যটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল করেছেন দাবিতে একটি ডিজিটাল ব্যানার ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আসন্ন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংবাদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভারত পূর্ণ সমর্থন দেওয়া সংক্রান্ত কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, উক্ত দাবিতে একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমন মন্তব্য করলে ভারত এবং বাংলাদেশের গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় কিংবা বাংলাদেশের গণমাধ্যম এমনকি নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে আশার আলো নামের একটি ফেসবুক পেজে গত ২৭ ডিসেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির সন্ধান মেলে। তবে পোস্টে এ বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি৷ ‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া পোস্ট (১, ২, ৩) পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সর্বশেষ বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী এক যুবককে হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করলেও তারেক রহমান কিংবা আসন্ন নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেননি।
সুতরাং, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ‘এবারের নির্বাচনে তারেক রহমানকে পুর্ন সমর্থন করবে ভারত’ মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- আশার আলো – Facebook Page
- আশার আলো – Facebook Post
- আশার আলো – Facebook Post (1, 2, 3)
- Etv Bharat – বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ‘অবিরাম আক্রমণ’, উদ্বিগ্ন ভারত
- Samakal – সংখ্যালঘুদের ওপর হামলাকে নিছক অতিরঞ্জন হিসেবে দেখার সুযোগ নেই: জয়সওয়াল





