সোমবার, ডিসেম্বর 8, 2025

রাবিতে সম্প্রতি ছাত্রলীগের অবস্থান দাবিতে জুলাই আন্দোলনের ভিডিও প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দখলে,, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।

অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটিতে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীর অবস্থানের দৃশ্য প্রদর্শিত হয়েছে। 

উল্লেখ্য, প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত বিল্ডিং/স্থাপনায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ লেখা দেখতে পাওয়া যায়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীর অবস্থানের দৃশ্যের নয় বরং, জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৬ জুলাইয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ (বর্তমান ‘বিজয়-২৪ হল’) এর সামনে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন/অবস্থান কর্মসূচীর ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘তানভীর খান তরুণ’ নামের এক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৬ জুলাইয়ে প্রচারিত সম্ভাব্য মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির বিষয়ে ক্যাপশনে বলা হয়, ‘এই মূহুর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে হাজার হাজার শিক্ষার্থী ঢুকে পড়েছে।’

Comparison : Rumor Scanner

এছাড়াও, উক্ত পোস্টের মন্তব্য সেকশনে ‘তৌহিদুর রহমান’ নামের এক ফেসবুক ব্যবহারকারীর করা প্রশ্ন ‘এরা ছাত্রলীগের নেতাকর্মী কি না’ এরূপ প্রশ্নের জবাবে তানভীর খান তরুণ বলেন, ‘এরা ছাত্রলীগ কর্মী নয়, বরং সাধারণ শিক্ষার্থী’। উল্লিখিত ‘তানভীর খান তরুণ’ এর ফেসবুক অ্যাকাউন্টের বায়ো পর্যবেক্ষণ করলে তাতে তিনি ‘কার্যনির্বাহী সদস্য-১, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ উল্লেখ পাওয়া যায়।

এছাড়াও, অনুসন্ধানে আলোচিত ভিডিওটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের অবস্থানের ভিডিও দাবিতে ২০২৪ সালের ১৬ জুলাইয়ে নানা ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে প্রচার হতে দেখা যায়।

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম দ্য ডেইলি স্টার, ইত্তেফাক, ‘চ্যানেল২৪’সহ একাধিক গণমাধ্যমে ২০২৪ সালের জুলাইয়ে প্রকাশিত নানা প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাইয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং আন্দোলন করে। এসময় ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। এছাড়াও বেশকিছু কক্ষে ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এসব প্রতিবেদনে সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে’ এ ভাঙচুর ও অগ্নিকাণ্ডের বিষয়েও উল্লেখ পাওয়া যায়।

এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত একটি ভিডিও পোস্ট উপরোল্লিখিত ‘তানভীর খান তরুণ’ এর ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৫ নভেম্বরে শেয়ার করতে দেখা যায়। এবং শেয়ার করা পোস্টের ভিডিওর বিষয়ে ক্যাপশনে তিনি বলেন, ‘ভিডিওটা আমি করেছিলাম জুলাই বিপ্লবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ তাড়ানোর মূহুর্তে। কিন্তু উপস্থিত শিক্ষার্থীদের আজ ছাত্রলীগ তাদের জনশক্তি বলে উল্টো পোস্ট দিলো।..’ 

উল্লেখ্য, গত ২২ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ এর নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’ নামকরণ করা হয়েছে।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ভিডিওতে প্রদর্শিত মানুষেরা গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থী।

সুতরাং, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন করার/অবস্থান নেওয়ার ভিডিও সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীর অবস্থানের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img