বুধবার, ডিসেম্বর 17, 2025

গাড়িতে আগুন দিয়ে বিএনপি ও শিবির কর্মী গ্রেফতার দাবিতে র‍‍্যাব কর্মকর্তার এআই ভিডিও প্রচার

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ যার মধ্যে আজ ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে গত ১২ নভেম্বর ভোর থেকে দেশের নানা জায়গায় বাস, মাইক্রোবাস ও পুলিশের গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে গত ১২ নভেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির লোগো সংবলিত একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে কথিত র‍‍্যাব কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘দশটার পর থেকে এখন পর্যন্ত আমরা বিএনপি এবং শিবিরের কর্মীদের গাড়িতে আগুন লাগানোর সময় গ্রেফতার করেছি। তারা দুইটা বাসে আগুন দিয়েছে, আমাদের কাছে প্রমাণ আছে। তারা ককটেল মারছে এবং দোষ আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করছে। প্রিয় দেশবাসীকে অনুরোধ করবো আপনারা আগামীকাল ১৩ তারিখ নিজ গৃহে অবস্থান করুন এবং যানবাহন এড়িয়ে চলুন’।

আলোচিত ভিডিওটি র‍‍্যাব কর্মকর্তার বক্তব্যের আসল ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি র‍‍্যাব কর্মকর্তার বক্তব্যের আসল ভিডিও নয় বরং, একাত্তর টিভিকে দেওয়া র‍‍্যাব কর্মকর্তার ভিন্ন এক ভিডিওর ফ্রেমের প্রেক্ষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি এই ভুয়া ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও অনুসন্ধান করলে তাতে মূলধারার গণমাধ্যম ‘একাত্তর টিভি’র লোগোর সংযুক্তি পাওয়া যায়। এরই সূত্র ধরে একাত্তর টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলওয়েবসাইট পর্যবেক্ষণ করলে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পাওয়া যায়নি। এছাড়াও, অনুসন্ধানে অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত ভিডিওটি প্রচার হতে দেখা যায়নি। তবে, অনুসন্ধানে একাত্তর টিভি’র ইউটিউব চ্যানেলে ‘আওয়ামী লীগের ‘লকডাউন’ ঘিরে কঠোর নিরাপত্তা’ শিরোনামে গত ১২ নভেম্বরে প্রচারিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে এক র‍‍্যাব কর্মকর্তার বক্তব্যেরও সংযুক্তি পাওয়া যায়। উক্ত র‍‍্যাব কর্মকর্তা, পেছনে থাকা মানুষ ও পারিপার্শ্বিক অবস্থার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর তুলনা করলে মিল পাওয়া যায়৷ তবে, একাত্তর টিভির মূল ভিডিওতে আলোচিত দাবিতে প্রচারিত বক্তব্যের বদলে উক্ত র‍‍্যাব কর্মকর্তাকে বলতে শোনা যায়, পূর্বে পাওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরে র‍‍্যাব-২ এর বিশেষ অভিযানে প্রায় ৬টি পেট্রোল বোমা ও ৪টি ককটেল বোমা উদ্ধার করা হয় যা নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে। র‍‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিন-চারজন দুর্বৃত্ত পালিয়ে যায়। 

Comparison : Rumor Scanner

তবে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও পর্যবেক্ষণে ভিডিওতে প্রদর্শিত র‍‍্যাব কর্মকর্তার সাথে একাত্তর টিভিকে বক্তব্য দেওয়া আসল র‍‍্যাব কর্মকর্তার মিল পাওয়া গেলেও ত্বক ও মুখের গঠনে কিছু অস্বাভাবিক পার্থক্য ও অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। এছাড়াও ভয়েসের মধ্যেও পার্থক্য ও কৃত্রিমতা লক্ষ্য করা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি ভিডিওতে দেখা যায়।

এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ এ বিশ্লেষণ করলে এটি এআই দিয়ে তৈরি কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৮১.৩ শতাংশ বলে জানা যায়।

এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে বিএনপি/শিবিরের কর্মী দাবিতে এক আটককৃত ব্যক্তির ছবিও প্রদর্শিত হয়। উক্ত ব্যক্তির বিষয়ে অনুসন্ধানে চ্যানেল২৪ এর ওয়েবসাইটে গত ২০ জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আটককৃত এক ব্যক্তির ছবির সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ব্যক্তির মিল পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

প্রতিবেদনে বলা হয়, আটককৃত উক্ত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী সিয়াম সরকার (২২)। ঢাকার শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়ার চেষ্টাকালে গত ২০ জুলাই ভোর ৪টার দিকে শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও, এ বিষয়ে সেসময়ে আরো একাধিক গণমাধ্যমে প্রচারিত সংবাদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজ সূত্রেও একইরকম তথ্য জানা যায়।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে গাড়িতে আগুন লাগানোর সময় বিএনপি ও শিবিরের কর্মী গ্রেফতার করা হয়েছে দাবিতে র‍‍্যাব কর্মকর্তার বক্তব্যের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img