মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, ‘অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনাশর্তে মাফ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি। এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই।’

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বিডিনিউজ২৪, দূরবীন নিউজ (ফেসবুক), ডিবি নিউজ২৪ (ফেসবুক)।

এছাড়াও আলোচিত দাবিতে সংবাদ প্রকাশ করে পরবর্তীতে মুছে/সরিয়ে নেওয়া গণমাধ্যম : ডিবিসি নিউজ, আজকের পত্রিকা, পার্বত্য নিউজ।
তাছাড়া, গণমাধ্যম ছাড়াও নানা সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকেও আলোচিত দাবি প্রচার করে হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই’ শীর্ষক মন্তব্যটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার নিজের দলের বিষয়ে করেননি। প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে উদ্ধৃত করে করা জামায়াত আমীরের এই মন্তব্যকে তার নিজের দলের বিষয়ে করা মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউটিউব চ্যানেলে গত ১৬ ডিসেম্বরে ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে ‘যুব ম্যারাথন’ এর অনুষ্ঠানের লাইভ ভিডিও সম্প্রচার পাওয়া যায়। ভিডিওর ৩৩ মিনিট ৪৭ সেকেন্ড পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে বলতে শোনা যায়, “..কয়লা ধুইলে ময়লা যায় না। সাবান আর সার্ফ এক্সেল যা দিয়েই ধুন না কেন, কালো কয়লা আরো কুচকুচে কালো হয়। আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে। ৩ দফায় বাংলাদেশের মসনদে তারা (আওয়ামী লীগ) এসেছিলেন।… ‘৯৬ সালে ক্ষমতায় আসার আগে হাত জোর করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে তা মাফ চাই। একটিবারের জন্য আমাদের আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি। এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। হাতে তসবিহ ছিল, মাথায় ঘোমটা ছিল। জনগণ সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে। কিন্তু না, যখনই তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন।”
এছাড়াও, মূলধারার গণমাধ্যম যমুনা টিভি’র ফেসবুক পেজেও জামায়াত আমীরের উক্ত অনুষ্ঠানের বক্তব্য সরাসরি সম্প্রচার হতে দেখা যায়।
জামায়াত আমীরের বক্তব্যটি পর্যবেক্ষণ করলে এটি স্পষ্ট হয় যে, তিনি এই অংশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা/আওয়ামী লীগকে বুঝিয়েছেন এবং তাদের সেসময়কার বক্তব্য দাবি করে কিছু বাক্য উদ্ধৃত করে সমালোচনা করেছেন।
সুতরাং, আওয়ামী লীগ/শেখ হাসিনাকে উদ্ধৃত করে ডা. শফিকুর রহমানের বলা, ‘একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই’ শীর্ষক মন্তব্যকে জামায়াত আমীরের নিজের মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangladesh Jamaat-e-Islami – ‘‘মহান বিজয় দিবস’ উপলক্ষে ‘যুব ম্যারাথন’
- Jamuna Television – Facebook Live





