শনিবার, জানুয়ারি 17, 2026

পিনাকী ও ইলিয়াস হোসেনের নাগরিকত্ব বাতিলের দাবিতে সড়ক অবরোধের দাবিটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘মহান বিজয় দিবস নিয়ে অশ্লীল মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে ইউটিউবার ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের নাগরিত্ব বাতিলের দাবিতে সড়ক অবরোধ।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি মহান বিজয় দিবস নিয়ে ‘অশ্লীল মন্তব্য ও কটূক্তির’ প্রতিবাদে ইউটিউবার ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের নাগরিত্ব বাতিলের দাবিতে সড়ক অবরোধের দৃশ্যের নয় বরং, এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলুপ্তি ও মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে গত ১০ ডিসেম্বরে ভাটারায় যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধের দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘কালের কণ্ঠ’ এর ফেসবুক পেজে ‘LIVE: যমুনা ফিউচার পার্কে সড়ক ব্ল’কে’ড মোবাইল ফোন ব্যবসায়ীদের’ শিরোনামে গত ১০ ডিসেম্বরে প্রচারিত একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ৫ মিনিট পরবর্তী সময়ে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের তুলনা করলে হুবহু মিল পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

ভিডিওর প্রেক্ষাপট সম্পর্কে ভিডিওতে বলা হয়, মূলত বিদেশ থেকে আনা ফোনে ৫৭% ভ্যাটের প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি, লাইভ ভিডিওতে ব্যবসায়ীরা জানান, তারা চান ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম সংস্কার হোক বা আপাতত বাতিল করে দেওয়া হোক, তারা এসময় সময়বৃদ্ধিরও দাবি জানান।

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ ও ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ এর ওয়েবসাইটে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলুপ্তি ও মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে গত ১০ ডিসেম্বর ঢাকার কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে ও ভাটারায় যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটির সাথে ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের নাগরিত্ব বাতিলের দাবির কোনো সম্পৃক্ততা নেই। 

উল্লেখ্য, প্রচারিত ভিডিওটি যমুনা ফিউচার পার্কের সামনে ভিন্ন দাবিতে ফোন ব্যবসায়ীদের অবরোধের দৃশ্য হলেও একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, বিজয় দিবস নিয়ে ‘অশ্লীল মন্তব্য’ ও ‘কটূক্তির’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউটিউবার ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকাদাহ করেছেন একদল শিক্ষার্থী। গত ১০ ডিসেম্বর রাত পৌনে ৯টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ কর্মসূচি পালন করেন।

সুতরাং, মহান বিজয় দিবস নিয়ে অশ্লীল মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে ইউটিউবার ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের নাগরিত্ব বাতিলের দাবিতে সড়ক অবরোধের এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img