শনিবার, জানুয়ারি 17, 2026

দিল্লিতে পিনাকী-দোভাল-কৃষ্ণ নন্দীর ‘গোপন বৈঠক’ দাবিতে এআই-তৈরি ছবি প্রচার

প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত কুমার দোভাল এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী দিল্লির এক অভিজাত রেস্তোরাঁয় গোপন বৈঠক করেছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পিনাকী ভট্টাচার্য, অজিত কুমার দোভাল এবং কৃষ্ণ নন্দীর কথিত বৈঠকের দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

ছবিটি বিশ্লেষণের প্রাথমিক পর্যায়েই কয়েকটি এআই-জনিত অসঙ্গতি চোখে পড়ে। রেস্তোরাঁর ভেতরের আলোকসজ্জা অস্বাভাবিকভাবে মসৃণ এবং অতিরিক্ত নিখুঁত, যা কৃত্রিমতার ইঙ্গিত দেয়। টেবিলের মাঝখানে পিনাকী ভট্টাচার্যের সামনে থাকা কাঁচের গ্লাসে বিকৃত প্রতিফলন দেখা যায়। জানালার বাইরে একটি ট্যাক্সির পেছনের অংশ দেখা গেলেও সেখানে নম্বরপ্লেট নেই।

এরপর ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টে পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশেরও বেশি। ইমেজ উইসপারার নামের আরেকটি সাইটও একই ফল দেয়।

Screenshot: Hive

সাধারণত এআই টুল দিয়ে এমন ছবি বানাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আসল ছবি ইনপুট হিসেবে দিতে হয়। এই সূত্র ধরে পিনাকী ভট্টাচার্য, অজিত কুমার ডোভাল এবং কৃষ্ণ নন্দীর এমন ছবি খুঁজে দেখা হয়, যার সঙ্গে আলোচিত ছবিটির মিল থাকতে পারে।

অনুসন্ধানে দেখা যায়, লিংকডইনে পিনাকী ভট্টাচার্যের প্রোফাইল ছবি, অজিত কুমার ডোভালের ইন্সটাগ্রাম পোস্টের একাধিক ছবি (, ) এবং সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রকাশিত কৃষ্ণ নন্দীর ছবির পোশাক আলোচিত ছবির সঙ্গে হুবহু মিলে যায়। ফলে প্রতীয়মাণ হয়, এসব আসল ছবিকেই ইনপুট হিসেবে ব্যবহার করে এআই দিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

চলতি বছরের আগস্টে গুগল জেমিনি অ্যাপে ন্যানো বানানা (Nano Banana) নামে উন্নত একটি ইমেজ-জেনারেশন ও এডিটিং মডেল উন্মোচন করেছে, যা সরাসরি জেমিনির মধ্য থেকেই ব্যবহার করা যায়। এই মডেলের অন্যতম বৈশিষ্ট্য হলো ছবি সম্পাদনার সময় কোনো ব্যক্তি বা পোষা প্রাণীর মুখাবয়ব যতটা সম্ভব একই রাখা, যাতে ভিন্ন পোশাক, লোকেশন বা পরিস্থিতিতে এডিট করলেও তাদের চেহারার স্বাভাবিক সামঞ্জস্য বজায় থাকে। পাশাপাশি একাধিক ছবি একত্র করে আরও উন্নতমানের নতুন কম্পোজিশন তৈরির সুবিধাও এতে যুক্ত করা হয়েছে।

গুগলের আরেক প্রযুক্তি সিন্থআইডি (SynthID) এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও, অডিও বা টেক্সটে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা যায়। গুগলের দাবি, কনটেন্ট তৈরি হওয়ার মুহূর্তেই এই ওয়াটারমার্ক যুক্ত হয় এবং ক্রপ করা, ফিল্টার প্রয়োগ বা ফ্রেম রেট পরিবর্তনের মতো সম্পাদনার পরও এটি টিকে থাকে। কোনো ছবি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না জানতে চাইলে জেমিনিতে ছবিটি আপলোড করে জিজ্ঞেস করলেই সিন্থআইডি ওয়াটারমার্ক আছে কি না পরীক্ষা করে জানিয়ে দেয়।

আলোচিত ছবিটি জেমিনিতে পরীক্ষা করে জানতে চাইলে জেমিনি জানায়, ছবির অধিকাংশ অংশই গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি। বুম বাংলাদেশের সহায়তায় সিন্থআইডির নির্দিষ্ট পোর্টালে ছবিটি যাচাই করেও নিশ্চিত হওয়া গেছে যে এটি এআই-তৈরি কনটেন্ট।

Gemini & SynthID.

এদিকে, এক ফেসবুক পোস্টে পিনাকী ভট্টাচার্যও জানিয়েছেন যে আলোচিত ছবিটি তার আসল ছবি নয়।

সুতরাং, পিনাকী ভট্টাচার্য, অজিত কুমার দোভাল এবং কৃষ্ণ নন্দীর এআই দিয়ে তৈরি একটি ছবিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Rumor Scanner’s analysis.
Hive Detect.
Image Whisperer.
SynthID. 

আরও পড়ুন

spot_img