অন্তত ২৯ ডিসেম্বর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ‘ব্রেকিং নিউজ ফ্রান্সে গ্রেফতার পিনাকী ভট্টাচার্য ফ্রান্স থেকে গ্রেফতারের ভিডিও দেখুন কমেন্টে’। বিস্তারিত দাবিতে একটি লিঙ্ক পোস্টের মন্তব্য সেকশনে সংযুক্ত করা হয় যেখানে দাবি করা হয়, ‘ফ্রান্সে গ্রেফতার অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য | বাংলাদেশে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিভিন্ন অপ্রতিকর ঘটনা ঘটানোর অভিযোগে ফ্রান্সে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্যকে এইমাত্র গ্রেফতার করেছে ফ্রান্স পুলিশ। প্রাপ্ত তথ্যমতে, আজ স্থানীয় সময় প্যারিসে তাঁর অবস্থানস্থল থেকে ফরাসি আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিও এবং বক্তব্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই তাঁর কার্যক্রম নজরদারিতে ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযোগে বলা হচ্ছে, পিনাকী ভট্টাচার্যের তৈরি কনটেন্ট বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং অস্থিতিশীলতা উসকে দিতে ভূমিকা রেখেছে। এসব অভিযোগের ভিত্তিতেই ফ্রান্সের সাইবার ক্রাইম ও ডিজিটাল ডিসইনফরমেশন আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।..’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে প্রচারিত কথিত সংবাদ প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের গ্রেফতারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির পোস্টে ‘protibadnews76.blogspot.com’ নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত কথিত সংবাদ প্রতিবেদন লিংক সূত্র হিসেবে যুক্ত করা হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘protibadnews76.blogspot.com’ নামক ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। এই সাইটে ‘ফ্রান্সে গ্রেফতার অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং তবে এর প্রকাশকাল হিসেবে কোনো সুনির্দিষ্ট তারিখের উল্লেখ পাওয়া যায়নি।
কথিত এই সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়, ‘বাংলাদেশে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিভিন্ন অপ্রতিকর ঘটনা ঘটানোর অভিযোগে ফ্রান্সে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্যকে এইমাত্র গ্রেফতার করেছে ফ্রান্স পুলিশ।’
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে পিনাকী ভট্টাচার্যের গ্রেফতারের ভিডিওর সংযুক্তি কমেন্টে থাকা লিঙ্কে থাকার দাবি করা হলেও ব্লগস্পটের কথিত প্রতিবেদনে এমন কোনো ভিডিওর সংযুক্তি পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে পিনাকী ভট্টাচার্য গ্রেফতার হওয়ার দাবির সপক্ষে দেশি বা বিদেশি কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে আলোচিত দাবি প্রচার পরবর্তী সময়েও নানা বিষয়ে স্বাভাবিকভাবেই লেখা পোস্ট হতে দেখা যায়। পেজেও আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।
সুতরাং, ফ্রান্সে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Pinaki Bhattacharya – Facebook Page





