সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে উদ্ধৃত করে ‘কমপক্ষে দুই মাসের জন্য চাঁদাবাজি বন্ধ রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।’ শিরোনামে আরটিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘কমপক্ষে দুই মাসের জন্য চাঁদাবাজি বন্ধ রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।’ শিরোনামে আরটিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং তারেক রহমানও এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আরটিভির লোগো এবং এটি প্রকাশের দিন হিসেবে ১০ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আরটিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, আরটিভির ফেসবুক পেজে গত ১০ ডিসেম্বর ‘মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। তবে আরটিভির মূল ফটোকার্ডটিতে ‘মেগা প্রজেক্ট নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘কমপক্ষে দুই মাসের জন্য চাঁদাবাজি বন্ধ রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।

অর্থাৎ, আরটিভির এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো সংবাদমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, তারেক রহমানকে উদ্ধৃত করে ‘কমপক্ষে দুই মাসের জন্য চাঁদাবাজি বন্ধ রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।’ শিরোনামে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rtv । আরটিভি: Facebook Page Post





