সম্প্রতি বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জামিনে মুক্তি পেয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১ লাখ ৪৫ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুনাইদ আহমেদ পলককে জামিনে মুক্তি দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই পলককে গ্রেফতার ও আদালতে হাজিরের পুরোনো ভিডিও যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
ভিডিও যাচাই ১
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৬ আগস্ট “পালাতে গিয়ে আটক পলক; হেফাজতে নেয় সেনাবাহিনী” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১ মিনিট ২ সেকেন্ড অংশ থেকে ১ মিনিট ৮ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে সমকালের ওয়েবসাইটে ২০২৪ সালের ৬ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ৬ আগস্ট (২০২৪) পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুনাইদ আহমেদ পলকে আটক করা হয়। ভারতের রাজধানী দিল্লিতে পালানোর উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ে পলককে জামিনে মুক্তির পর সেনাবাহিনীর হেফাজতে নেওয়ার নয়।
ভিডিও যাচাই ২
এ বিষয়ে অনুসন্ধানে ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলে গত ৮ অক্টোবর ‘যে নতুন মামলায় গ্রেপ্তার পলক-মেনন-আতিক-দস্তগীর’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ৫২ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে গত ৮ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বনানী থানার একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার শামসুদ্দোহা। রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট এই চারজনকে শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।
অর্থাৎ, এই ভিডিওটি পলকের জামিন পাওয়ার নয়।
এছাড়া, ৮ অক্টোবর পরবর্তীতে পলকের জামিনের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পলকের মতো ব্যক্তির জামিনের ঘটনা ঘটলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি।
সুতরাং, জুনায়েদ আহমেদ পলক জামিনে মুক্তি পাওয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Channel 24 – পালাতে গিয়ে আটক পলক; হেফাজতে নেয় সেনাবাহিনী
- The Daily Star – যে নতুন মামলায় গ্রেপ্তার পলক-মেনন-আতিক-দস্তগীর





