বুধবার, ডিসেম্বর 17, 2025

সাদিক কায়েমের হাতে পাকিস্তানের পতাকা দাবিতে সম্পাদিত ছবি প্রচার

সম্প্রতি, ‘পাকিস্তানের পতাকা হাতে নির্বাচনী প্রচারণায় সাদিক কায়েম’ শিরোনামে পাকিস্তানের পতাকা হাতে সাদিক কায়েমের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত পাকিস্তানের পতাকা হাতে ডাকসুর ভিপি সাদিক কায়েমের ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ২৬ নভেম্বর নিজ এলাকায় বাংলাদেশের জাতীয় পতাকা হাতে শো ডাউনের ছবিকে সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে, সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্টে গত ২৬ নভেম্বর ‘’আগামী দিন শুধু সম্ভাবনার’ প্রকাশিত পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে সংযুক্ত প্রথম ছবিটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে। তবে মূল ছবিতে সাদিক কায়েমের হাতে বাংলাদেশের পতাকা ছিল, যা সম্পাদনা করে পাকিস্তানের পতাকা প্রতিস্থাপন করা হয়েছে।

Comparison: Rumor Scanner 

আরও অনুসন্ধানে দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে  প্রকাশিত একটি ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, সেদিন খাগড়াছড়িতে নিজ এলাকায় জাতীয় পতাকা হাতে শোডাউন করেন সাদিক কায়েম। 

গত ২৬ নভেম্বরে ঢাকা পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বুধবার (২৬ নভেম্বর) প্রথমবারের মতো নিজ জেলা খাগড়াছড়িতে আসেন। বিকেলে তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। 

পরবর্তীতে, এ সংক্রান্ত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে Anwar Tv নামের একটি ফেসবুক পেজে ২৮ নভেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির সন্ধান মেলে। তবে পোস্টে এ বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি৷ ‘Anwar Tv’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘পেইজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে দয়া করে কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না, আমরা সবসময় সমসাময়িক নিউজগুলোকে সারকাজম আকারে প্রকাশ করি’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, পাকিস্তানের পতাকা হাতে ডাকসুর ভিপি সাদিক কায়েমের ছবিটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img